ক্লার্ককে 'স্বাগত' জানাচ্ছে বাংলাদেশ
সাকিব আল হাসান দারুণ কথা বলেছেন। যার সারমর্ম...না, থাক সারমর্ম নয়, পুরো কথাটাই শুনুন, ‘প্রস্তুতি ম্যাচে সে যত খুশি রান করুক। বিশ্বকাপে আমাদের বিপক্ষে রান না করলেই হলো। আর বিশ্বকাপে যদি তার খেলা না-ই হয়, সেটা হবে অস্ট্রেলিয়ার জন্য বিরাট ক্ষতি।’
ব্রিসবেনে সংবাদমাধ্যমকে সাকিবের বলা এই কথাগুলো অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রসঙ্গে। গত ডিসেম্বরে হ্যামস্ট্রিংয়ে অস্ত্রোপচারের পর এই কদিন চলছিল ক্লার্কের পুনর্বাসন প্রক্রিয়া। এখন বিশ্বকাপের জন্য মোটামুটি ফিট। অপেক্ষায় আছেন ৫ ফেব্রুয়ারি ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার। অবশ্য সিডনি গ্রেড ক্রিকেট ম্যাচ দিয়ে ক্লার্ক খেলায় ফিরেছেন কালই। গর্ডনের বিপক্ষে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে প্রায় তিন ঘণ্টা উইকেটে কাটিয়ে ১২৮ বলে ৫১ রান করেছেন দুই চার আর এক ছক্কায়। নিজের এমন প্রত্যাবর্তনে তিনি খুশি হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে জানিয়েছেন সতর্ক প্রতিক্রিয়া, ‘খেলায় ফিরতে পারাটা অবশ্যই অসাধারণ। তবে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আমাকে আরও অনেক দূর যেতে হবে।’
বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ৫ ফেব্রুয়ারির ম্যাচটা অগ্নিপরীক্ষা হয়ে আসছে ক্লার্কের জন্য। যে পরীক্ষায় তার জন্য বিশেষ ছকও কষে ফেলেছে বাংলাদেশ দল। সংবাদমাধ্যমকে সেটারই অংশবিশেষ জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক, ‘আমরা ফিল্ডিংটা একটু পিছিয়ে দেব, যেন তাঁকে বেশি বেশি সম্ভব সিঙ্গেল নিতে হয়।’
বাংলাদেশ দল অবশ্য প্রথম ‘আনঅফিসিয়াল’ প্রস্তুতি ম্যাচটা খেলবে ৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ওই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশই। দুই ম্যাচের জন্য এর মধ্যেই দুটি আলাদা দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ এই দুই প্রতিপক্ষকে বেশ সমীহ করছেন। ‘দ্বিতীয় ম্যাচে তো ক্লার্কই খেলবে। প্রথম ম্যাচের দলেও কুইন্সল্যান্ডের মূল দলের তিনজন খেলোয়াড় আছেন। মোটামুটি জাতীয় দলের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় শক্তির দলই খেলবে ম্যাচ দুটোতে’—কাল মুঠোফোনে বলছিলেন মাহমুদ। সে সঙ্গে বললেন, ‘আসল ম্যাচের আগেই আমাদের বোলাররা ওকে বল করবে, আমি মনে করি এটা তাদের জন্য একটা ভালো সুযোগ। যদি এই ম্যাচে তাকে দ্রুতই ফিরিয়ে দেওয়া যায়, বিশ্বকাপের ম্যাচে ছেলেরা বাড়তি আত্মবিশ্বাস পাবে।’
এক দিন বিরতির পর কাল সকালে অ্যালান বোর্ডার মাঠে ঘণ্টা তিনেক অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে স্থানীয় ক্লাব ক্রিকেটের ম্যাচ থাকায় এদিন অনুশীলনে কোনো নেট বোলার পাওয়া যায়নি। দলের বোলারদেরই তাই লম্বা সময় ধরে বল করতে হয়েছে, যার একটা সুবিধাও দেখছেন টিম ম্যানেজার, ‘আজ (গতকাল) নেটে একেকজন ৮-১০ ওভার করে বল করেছে। স্পেল ভাগ করে দেওয়া হয় ওদের। শুরুর দিকের স্পেলে কীভাবে বল করতে হবে, মাঝে কীভাবে করতে হবে বা ডেথ ওভারের বোলিং কেমন হবে, সেগুলোর অনুশীলন হয়েছে।’ ভিডিও বোলিং সিমুলেটর ছিল কালকের অনুশীলনেও। নাসির, এনামুল, তাইজুলরা খেলেছেন মিচেল স্টার্ক-মিচেল জনসনদের ‘বল’।
ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দিয়ে পুরোদমে অনুশীলন করছেন তামিম ইকবাল। ব্যাটিং করছেন, দৌড়াচ্ছেনও। তবে অস্ত্রোপচারের জায়গা পুরোপুরি ঠিক হলো কি না, বোঝার জন্য দ্রুতগতির যে স্প্রিন্ট দেওয়ার কথা, সেটা এখনো দেননি। অস্ত্রোপচার হওয়া হাঁটু ওই দৌড়ের ভার ও গতি সহ্য করতে পারলেই ধরে নেওয়া যাবে তামিম খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে এই স্প্রিন্ট যেদিনই দেন না কেন, ৩ ফেব্রুয়ারির প্রথম প্রস্তুতি ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। ম্যানেজার খালেদ মাহমুদও আভাস দিলেন, ‘মানসিকভাবে এখন ও বেশ ভালো অবস্থায় আছে। তবে আমার ব্যক্তিগত মতামত, এসব ক্ষেত্রে তাড়াহুড়া না করাই ভালো। জোর করে খেলার চেয়ে পুরোপুরি সুস্থ হয়ে খেলা উচিত।’