ক্লার্কের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সিডনির সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক l এএফপি
কাল সিডনির সংবাদ সম্মেলনে মাইকেল ক্লার্ক l এএফপি

শুরু আর শেষের মধ্যে কী পার্থক্য! পাকিস্তানকে টি-২০ ও ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করার পর কে ভেবেছিল এই অস্ট্রেলিয়ায়ই দুটি টেস্টেই অসহায় আত্মসমর্পণ করবে পাকিস্তানের কাছে? পাকিস্তানের সঙ্গে ২-০, এর আগে ৪-০ ভারত সফরে—উপমহাদেশে সর্বশেষ ছয়টি টেস্টেই হার। অধিনায়ক হিসেবে এই ব্যর্থতার দায়ভার নিতে হচ্ছে মাইকেল ক্লার্ককেই। সমালোচনায় বিদ্ধ হচ্ছেন, প্রশ্ন উঠেছে তাঁর অধিনায়কত্ব নিয়েও। তবে কি অস্ট্রেলিয়ায় মাইকেল ক্লার্কের অধিনায়কত্ব-পর্ব শেষ হতে চলেছে?
ক্লার্ক নিজে অবশ্য এমনটা ভাবছেন না। অধিনায়কত্ব নিয়ে উদ্বিগ্ন কি না, এই প্রশ্নের উত্তরে ক্লার্কের দর্শনীয় কাভার ড্রাইভ, ‘না, এমন কিছু নয়। অবশ্যই আমরা এই সিরিজে ভালো খেলিনি। তবে আমরা ১ নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়েছি, অ্যাশেজে ৫-০ ব্যবধানে হারিয়েছি ইংল্যান্ডকে। আমার মনে হয়, দলের অধিনায়ক হিসেবে আমি সঠিকভাবেই দায়িত্ব পালন করছি। অবশ্য নির্বাচকেরা আছেন, বোর্ড আছে, তাঁরাই সিদ্ধান্ত নেবেন।’
সবই ঠিকঠাক ছিল, কিন্তু সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজ শুরু হওয়ার পরই যেন শনির দশা ভর করে অস্ট্রেলিয়ান শিবিরে। বদলে যায় দৃশ্যপট, কক্ষচ্যুত হয়েছে অস্ট্রেলিয়া। ইউনিস-মিসবাহ-আজহাররা যখন ব্যাট করেছেন, উইকেটকে মনে হয়েছে ব্যাটিং স্বর্গ। অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামলে মনে হয়েছে, এই উইকেটে ব্যাটিং করা পৃথিবীর সবচেয়ে দুরূহ কাজ! মাইকেল ক্লার্কও কি নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন? সর্বশেষ ১৬ ইনিংসে তাঁর গড় মাত্র ২৭.৪৬, শেষ চারটি ইনিংসে করেছেন ২, ৩, ৪৭ ও ৫ রান। তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠা তাই অমূলক নয়।
তবে অস্ট্রেলিয়ান অধিনায়কের ভাবনা অন্য রকম, ‘পাঁচ বছর ধরে আমি ধারাবাহিকভাবেই পারফর্ম করেছি। আমার অধিনায়কত্বও ধারাবাহিকই ছিল। তাই আশা করছি, এই দুটি টেস্ট দিয়েই আমাকে বিচার করা হবে না। তবে তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) যদি অন্য কাউকে যোগ্য মনে করে, তাহলে নিশ্চয়ই তারা আমাকে সেটা জানাবে। কিন্তু দলকে আমার দেওয়ার অনেক কিছু বাকি আছে।’ এএফপি।