ক্লার্কের অন্য চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দল পেয়েছেন?’
সংবাদ সম্মেলনে প্রশ্নটা শুনে মাইকেল ক্লার্কের সংক্ষিপ্ত জবাব, ‘পাইনি।’
‘না পাওয়ার কারণ কি ফিটনেস-সংক্রান্ত?’
‘আমি জানি না।’
‘শেন ওয়াটসনকে রাখা হবে?’
ক্লার্কের আরও নিরাসক্ত জবাব, ‘আমি তো নির্বাচক নই।’
শুরুর দিকে প্রতিটি প্রশ্নে এমন কাঠখোট্টা জবাব। চেনা মাইকেল ক্লার্কের সঙ্গে কালকের সংবাদ সম্মেলনের ক্লার্ককে মেলানো যাচ্ছিল না মোটেও। এই লোকটাই সেই মানুষ যিনি মাস কয়েক আগে সতীর্থ ফিল হিউজের মৃত্যুর সময় সংবাদমাধ্যমের কাছে নিজেকে নিঃসঙ্কোচে মেলে ধরেছিলেন! শুধু অধিনায়ক নন, আবেগাপ্লুত ক্লার্ক সেদিন যেন সবকিছু ছাপিয়ে হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার জাতীয় নেতা। আর শুধু হিউজ-ট্র্যাজেডির সময় কেন, এর আগে সংবাদমাধ্যমের সামনে সব সময়ই ছিলেন খোলামেলা। হঠাৎ করে তবে এই বদলে যাওয়া রূপ কেন?
কারণটা বোঝাল তাঁর চোট নিয়ে পরের প্রশ্নটাই। এবার খুব পরিষ্কার করেই বলে দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, ‘আমি যেকোনো সময়ের চেয়ে এখন ফিট ও সুস্থ বোধ করছি। গত কয়েক মাসে এ নিয়ে আমাকে অনেক প্রশ্ন শুনতে হয়েছে। আমার ভেতরেও ভালো করার একটা তাড়না তৈরি হয়েছে। দেখা যাক পরের ম্যাচে কী হয়।’
ফিটনেসের কারণে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটা খেললেও পরের তিন টেস্ট খেলতে পারেননি। ছিলেন না ত্রিদেশীয় সিরিজেও। বিশ্বকাপে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরলেও নিজের ছাপটা রাখতে পারলেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। ১৮ বল স্থায়ী ইনিংসে রান তুলেছেন ১২। পার্থে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ম্যাচটা তাই দলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটাই বড় চ্যালেঞ্জ ক্লার্কেরও। রয়টার্স।