ক্লার্কের আগুনে ঘি ঢাললেন ম্যাকগিল

বোমাটা ফাটিয়েছিলেন মাইকেল ক্লার্ক। গত অ্যাশেজ সফর নিয়ে লেখা বই ‘অ্যাশেজ ডায়েরি ২০১৫ ’তে সাবেক কোচ জন বুকাননকে মোটামুটি ধুয়ে দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক। বুকাননের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওই অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে তাঁর পোষা কুকুরটাও না কি সফল হতো! মজার ব্যাপার, এমন ঝাঁজাল মন্তব্যের পরও নিজের দলে লোক পাচ্ছেন ক্লার্ক। তাঁর সাবেক সতীর্থ ম্যাকগিলও যোগ দিয়েছেন বুকাননের সমালোচনায়। তবে ক্লার্কেরই আরেক সাবেক সতীর্থ শেন ওয়াটসন কথা বরেছেন সাবেক কোচের পক্ষে।
ক্রিকেট ইতিহাসের দুর্ভাগা ক্রিকেটারদের তালিকা করলে ওপরের দিকেই থাকবেন ম্যাকগিল। অন্য কোনো দলে কিংবা অন্য কোনো যুগে জন্মালে হয়তো ক্রিকেটের সেরা বোলারদের তালিকায় থাকতেন। কিন্তু শেন ওয়ার্নের সমসাময়িক হওয়ায় দেশের হয়ে খুব বেশি খেলার সৌভাগ্য হয়নি। তাও যা সুযোগ পেয়েছেন তাঁর অধিকাংশ সময় খেলেছেন বুকাননের সময়েই। কোচ বুকাননকে তাই ভালোই জানেন তিনি। সেই ‘অভিজ্ঞতা’ থেকেই যা বলছেন ম্যাকগিল, তাতে ক্লার্কের কথারই প্রতিধ্বনি, ‘ক্লার্কের কুকুরের সঙ্গে আমার দেখা হয়নি, কিন্তু বুকাননকে আমি ভালোই চিনি। আমার মনে হয়নি তাঁর এমন কোনো বাড়তি গুন আছে, যা তাঁকে অন্য কোচদের চেয়ে আলাদা করতে পারে। তাঁর যে খুব ভালো প্রশাসনিক দক্ষতা ছিল, এটাও বলা যাচ্ছে না। বুকাননের কপাল ভালো, ওই দলে ম্যাকগ্রা, ওয়ার্ন এবং স্টিভ ওয়াহ (দলনেতা) ছিলেন, যাঁরা সম্ভবত নিজেদের ক্ষেত্রে সর্বকালের সেরা।’
তবে ক্লার্কের অনেক দিনের সতীর্থ ওয়াটসন বুকাননের এমন সমালোচনা ভালোভাবে নেননি। তাঁর মতে, ক্লার্ক একটু বেশিই কড়া ভাষা ব্যবহার করে ফেলেছেন। সাবেক অলরাউন্ডারের ধারণা, দল সামলানোর কাজটি ভালোই পারতেন বুকানন, ‘তিনি হয়তো খেলোয়াড়দের খেলা শেখাতেন না কিন্তু বড় বড় তারকাদের সামলে তিনি দলকে এগিয়ে নিয়েছেন। আলাদা আলাদা ও বলিষ্ঠ ব্যক্তিত্বসম্পন্ন এতগুলো খেলোয়াড়কে সামলাতে আপনার দক্ষতা থাকতেই হবে।’
অস্ট্রেলিয়া দলে খেলার সময় ক্লার্ক ও ওয়াটসনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। বুকাননের পক্ষ নিয়ে সেটিই কি তুলে আনতে চাইলেন ওয়াটসন? সূত্র: ক্রিকেট অস্ট্রেলিয়া