ক্লার্কের বদলে হাডিন!
মাইকেল ক্লার্কের দুঃসময় যেন কাটছেই না। আবারও চোটের শিকার হওয়ায় ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে অধিনায়ক ক্লার্কের খেলা অনিশ্চিত। সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে উইকেটরক্ষক ব্র্যাড হাডিনকে।
গত বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে অস্ট্রেলিয়া (৪-০)। সেবার তাদের নাকাল হতে হয় স্পিনে। এবার নিশ্চয়ই গতি আর বাউন্স দিয়ে প্রতিশোধ নিতে চাইবে ক্লার্কের দল। অথচ হ্যামস্ট্রিংয়ের চোটে ‘প্রতিশোধের সিরিজ’ থেকেই ছিটকে যেতে পারেন ক্লার্ক! ক্লার্ক নিশ্চয়ই নিজেকে দুর্ভাগা ভাবছেন? তবে অস্ট্রেলিয়ান টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড ভাবছেন দূরের ভাবনা, ‘আমরা বিশ্বকাপ ও অ্যাশেজের জন্য তাকে বিবেচনা করছি। সে যদি ভারতের বিপক্ষে খেলার জন্য ফিট থাকে, অবশ্যই তাকে ভাবা হবে। তবে এর আগেও আমরা দেখেছি, তাকে তড়িঘড়ি করে ফেরানো হয়েছে এবং এক-দুই টেস্ট খেলেই তাকে আবার চোটে পড়তে হয়েছে। কাজেই সবকিছুই আমাদের বিবেচনায় আছে।’ এএফপি।