ক্লার্কের বদলে হাডিন?

হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে এই সিরিজের বাইরে বের করে দিয়েছে—এ বিষয়ে মাইকেল ক্লার্কও নিঃসন্দেহ। এই সিরিজ কেন, এই চোট তাঁর ক্যারিয়ারও হুমকির মুখে ফেলে দিতে পারে, তিনি নিজেই জানিয়েছেন এ কথা। চোট-বিরক্ত ক্লার্ক হয়তো কিছুটা আবেগি হয়েই এমন মন্তব্যটা করে ফেলেছেন, তবে এটা নিশ্চিত ভারতের বিপক্ষে সিরিজে আর মাঠে নামা হচ্ছে না তাঁর। তাহলে তাঁর অনুপস্থিতিতে এই সিরিজে অস্ট্রেলীয় দলের অধিনায়কত্ব যাচ্ছে কার কাছে? ক্লার্ক নিজেই বলেছেন, তাঁর জায়গায় অধিনায়কত্বটা দেওয়া উচিত উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হাডিনকেই। এ ব্যাপারে দারুণ আশবাদী ক্লার্ক বলেছেন, ‘দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড় তাকে সব ধরনের সহায়তা করবে এবং সবার সাহায্য নিয়েই এই সিরিজের বাকি টেস্টগুলোতে হাডিন দলকে সঠিক নেতৃত্বই দেবে।’
বুধবার থেকে ব্রিসবেনে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। অস্ট্রেলীয় নির্বাচকেরা হাডিনকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারটি মাথায় রেখেছেন, এটা নিশ্চিত। মাইকেল ক্লার্কের মন্তব্যেও এর পক্ষে যথেষ্টই মাল-মসলা আছে বলে ধারণা করা হচ্ছে।
হাডিনের পারফরম্যান্সও তাঁর অধিনায়কত্বের পক্ষে কথা বলছে বলেই মন্তব্য করেছেন ক্লার্ক, ‘অামার মনে হয় হাডিনের পারফরম্যান্স দুর্দান্তই। সে অ্যাডিলেড টেস্টেও উইকেটের পেছনে দারুণ করেছে।’ এর পরপরই ক্লার্ক জানিয়েছেন হাডিনের প্রতি তাঁর নির্ভরতার কথা, ‘আমার হাডিনের ওপর বিশ্বাস আছে। অ্যাডিলেডের সাফল্য সে সিরিজের বাকি টেস্টগুলোতেও টেনে নিয়ে যেতে পারবে।’
আক্রমণাত্মক ক্রিকেটই অ্যাডিলেডে দারুণ জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ক্লার্ক মনে করেন, আক্রমণাত্মক ক্রিকেটের এই ধারা হাডিনও বজায় রাখতে পারবেন। কারণ অস্ট্রেলীয় উইকেটরক্ষক নিজেও অসম্ভব আক্রমণাত্মক মানসিকতার খেলোয়াড়।’ সূত্র: পিটিআই।