ক্লার্কের ভাবনায় এখন অ্যাশেজ
সংবাদমাধ্যম দুই টেস্টের সংক্ষিপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের নাম দিয়ে দিয়েছিল অ্যাশেজের প্রস্তুতি। সে অবশ্য গণমাধ্যমেই। অস্ট্রেলিয়া দলের অন্দরমহলে আবার ‘নিষিদ্ধ’ই ছিল অ্যাশেজ শব্দটা। এতটাই কঠোর নিষেধাজ্ঞা যে সিরিজ শেষ হওয়ার আগে ভুল করেও কেউ শব্দটা উচ্চারণ করেনি।
অ্যাশেজ নিয়ে বেশি ভাবতে গিয়ে পাছে দলীয় মনোযোগ চোট পায়! চার দিনের মধ্যেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয় করার পর পরশুই উঠে গেল নিষেধাজ্ঞা। অধিনায়ক মাইকেল ক্লার্কই প্রথম শুরু করলেন অ্যাশেজ নিয়ে কথা বলা। স্যাবাইনা পার্কে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেই প্রসঙ্গটা তুললেন ক্লার্ক, ‘আমার মনে হয় আমি এখন এ নিয়ে (অ্যাশেজ) কথা বলতে পারি।’
সিরিজজুড়েই অ্যাশেজ প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় সতীর্থদের ধন্যবাদও দিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘ছেলেদের ধন্যবাদ। আমি মনেপ্রাণে এটাই চাইছিলাম। ছেলেদের পইপই করে বলে দিয়েছিলাম পুরো সফরেই এ নিয়ে কথা না বলতে। আমার গর্ব হচ্ছে কেউ আমার কথা ফেলেনি।’
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্যে খেলোয়াড়েরা কি একদমই ভাবেননি ১৮ জুলাই শুরু অ্যাশেজ নিয়ে? মাথার ভেতরে অ্যাশেজটা যে ঘুরপাক খাচ্ছিল না এটা অস্বীকার করতে পারেননি ক্লার্ক, ‘আমি যদি বলি কারও মাথায় চিন্তাটা ছিল না তবে মিথ্যা বলা হবে। তবে সত্যিটা হলো আমরা এই কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুশৃঙ্খল ক্রিকেট খেলেছি। এটা সামান্য কোনো অর্জন নয়।’
ক্যারিবীয় পালা সাঙ্গ হলো। এবার অ্যাশেজের আগুনতপ্ত লড়াই। ওয়েস্ট ইন্ডিজ সফরটা সেই লড়াইয়ের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলেই মনে করেন ক্লার্ক, ‘সামনের সময় নিয়ে আমরা সবাই রোমাঞ্চিত। দেশের বাইরে ধারাবাহিক হতে হবে—কথাটা আমি বারবারই বলি। আশা করি এখানেই সেটা শুরু হলো। আত্মবিশ্বাস যেকোনো দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে এটা অর্জন করে নিতে হয়।’
অস্ট্রেলীয় অধিনায়ক রোমাঞ্চিত দলের শক্তির গভীরতা নিয়েই। প্রতিটি বিভাগেই একাধিক প্রতিদ্বন্দ্বী—প্রতিদ্বন্দ্বিতাটা অস্ট্রেলিয়াকে আরও সামনে এগিয়ে নেবে বলেই বিশ্বাস অ্যাশেজজয়ী অধিনায়কের, ‘এ মুহূর্তে ছেলেরা বোলিংয়ে দারুণ করছে, রান করছে প্রচুর। ভালো বোলিং না করলে কিংবা রান করতে না পারলে অন্য কেউ জায়গা দখল করে নেবে একাদশে এই ভাবনাটা ওদের মাথায় আছে। আমি মনে করি আমাদের সাফল্যের কারণ এটাই।’ রয়টার্স।