ক্লার্কের ভাবনায় এখন নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া প্রতিশোধ নিল বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ থেকে বিদায় করে। গতবার এই ভারতের কাছেই কোয়ার্টার ফাইনালে হেরেই থেমেছিল আগের তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জয়রথ। এক বিশ্বকাপ পরই সেই অস্ট্রেলিয়ার সামনে শিরোপা পুনরুদ্ধারের হাতছানি। রোববারের ফাইনালে প্রতিবেশী নিউজিল্যান্ডকে হারালেই হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন ফাইনালটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বলেই ফেবারিট তাঁর দল।
নিউজিল্যান্ড অনেক দিন ধরে খেলেনি অস্ট্রেলিয়ার মাটিতে, অন্যদিকে এই মৌসুমেই এমসিজিতে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে অস্ট্রেলিয়া। কাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে অস্ট্রেলীয় অধিনায়কের সবচেয়ে বড় যুক্তি ছিল এটাই। নিউজিল্যান্ড টানা ৮ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে, যার মধ্যে আছে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয়। তবে নিউজিল্যান্ড সব ম্যাচই খেলেছে নিজেদের মাঠে। সেটা মনে করিয়ে দিয়েই ক্লার্ক বললেন, ‘কন্ডিশনের ভিন্নতাই আমাদের সাহায্য করবে। আর এই গ্রীষ্মে এমসিজিতে আমরা বেশ কয়েকটা ম্যাচ খেলেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনের চেয়ে এখানকার কন্ডিশন পুরোপুরিই অন্য রকম। তার পরও নিউজিল্যান্ডকে হারাতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। কারণ, ফর্মের দিক থেকে নিঃসন্দেহে নিউজিল্যান্ডই টুর্নামেন্টের সেরা দল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ১৫১ রানের অলআউট হয়েও মাত্র ১ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া। ওই হারটা নাকি দরকার ছিল অস্ট্রেলিয়ার, ‘ওই হারটাই এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার টার্নিং পয়েন্ট। ওই হারেই আমাদের সংবিৎ ফিরেছে। দল নিয়ে সব সময় আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু ওই দিন থেকেই আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এএফপি, ক্রিকইনফো।