ক্লার্কের শেষ দেখছেন না লেম্যান

আনন্দ ও বিষাদ দুটো অনুভূতিই পাচ্ছে অস্ট্রেলিয়া। আনন্দটা অ্যাডিলেড টেস্টে ভারতকে নাটকীয়ভাবে হারিয়ে দিয়ে। বিষাদটা একই সঙ্গে অধিনায়ক মাইকেল ক্লার্কের ছিটকে পড়ার খবরে। হ্যামস্ট্রিংয়ের চোট ক্লার্ককে এই সিরিজ থেকে ছিটকে দিয়েছে এটা নিশ্চিত হয়েছে এরই মধ্যে। অনিশ্চিত আসন্ন বিশ্বকাপও। এমনকি সর্বনাশা এই চোট তাঁর ক্যারিয়ারও শেষ করে দিতে পারে, ক্লার্ক নিজেই ব্যক্ত করেছেন এমন শঙ্কা। তবে সবকিছু জয় করে অধিনায়ক আবার ক্রিকেটে ফিরবেন বলেই আশাবাদী অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, ‘আমার মনে হয় ও আবারও অস্ট্রেলিয়ার হয়ে খেলবে। আমরা প্রার্থনা করছি। অপেক্ষা করি, দেখা যাক কী হয়।’
মাঠে ফিরতে সবকিছুই করবেন, বিশ্বকাপ খেলতে পারলে ভালো লাগবে-পরশু অ্যাডিলেডে সংবাদ সম্মেলনে এমন আশার কথাও বলেছেন ক্লার্ক। তবে তাঁর ক্যারিয়ার যাতে বড় ঝুঁকির মধ্যে না পড়ে সে জন্য দরকার হলে বিশ্বকাপ থেকেও তাঁকে বাইরে রাখতে আপত্তি নেই লেম্যানের, ‘আমরা চাই ওর ক্যারিয়ার নিয়ে ঝুঁকিটা কমিয়ে আনতে। তার এখন সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এটা আমরা যেমন জানি, তেমনি সেও জানে। আর এক দিনের ক্রিকেট খুবই বিস্ফোরক খেলা। এখানে সব সময় সবাইকে শতভাগ ফিট থাকতে হয়।’
ক্লার্কের অনুপস্থিতিতে বাকি সিরিজে তাঁর এত দিনের ‘ডেপুটি’ উইকেটকিপার ব্র্যাড হাডিন দলকে নেতৃত্ব দেবেন বলেই ধারণা করা হচ্ছে। বদলি হিসেবে ডাকা হয়েছে শন মার্শকে। অস্ট্রেলিয়ার ৪৫তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা হাডিনের জন্য শুভকামনা জানিয়েছেন ক্লার্কও, ‘আমার হাডিনের ওপর বিশ্বাস আছে। অ্যাডিলেডের সাফল্য সে সিরিজের বাকি টেস্টগুলোয়ও টেনে নিয়ে যেতে পারবে। আশা করি, দলের অন্য সিনিয়র খেলোয়াড়েরা তাকে সব ধরনের সহায়তা করবে, যেমনটা আমি সবার কাছ থেকে পেয়েছি।’
এই সিরিজে হাডিনের অধিনায়ক হওয়া নিয়ে খুব একটা সংশয় নেই। তবে ক্লার্কের অনুপস্থিতি যদি দীর্ঘ হয় সে ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একজন নেতা ঠিক করে রাখার এখনই সেরা সময়। এমনই ভাবছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। হাডিনের বয়স ৩৭ পেরিয়ে গেছে। তাই তাঁর অধিনায়কত্বের সময়সীমা হতে পারে ভারতের বিপক্ষে এই সিরিজ এবং বড়জোর বিশ্বকাপ। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ক্লার্কের উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আসছে স্টিভেন স্মিথের নাম। ২৫ বছর বয়সী এই অলরাউন্ডারের মধ্যে নেতৃত্বগুণ দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশেও সিডনি সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। ভবিষ্যতের কথা ভেবে স্মিথকে এই সিরিজে হাডিনের ‘ডেপুটি’ করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এএফপি, রয়টার্স।