
টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে চতুর্থ সর্বোচ্চ রান তাঁর। সামনে শুধু রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ।
প্রায় ৫০-এর মতো টেস্ট গড়। ২৭টি হাফ সেঞ্চুরির পাশে ২৮টি সেঞ্চুরি সাক্ষী দিচ্ছে, ইনিংস বড় করার সামর্থ্যেও তিনি অনেকের চেয়ে আলাদা। এই তো গত মার্চেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপ জয়ে। এর আগে গত বছর তাঁর নেতৃত্বেই অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতেছে ৫-০ ব্যবধানে। যে অর্জন তাঁর আগে ছিল শুধু ওয়ারউইক আর্মস্ট্রং ও রিকি পন্টিংয়ের।
ব্যাট হাতে যাঁর পরিসংখ্যান এমন উজ্জ্বল, অধিনায়ক হিসেবে যাঁর সাফল্য ঈর্ষণীয়, তাঁর বিদায়টা কেমন হওয়া উচিত? অবশ্যই সম্মানজনক। হ্যাঁ, দিন শেষে কিছু ‘যদি-কিন্তু’ থাকবে। হবে সাফল্য-ব্যর্থতার কাটাছেঁড়াও। কিন্তু সব ছাপিয়ে আবেগঘন এক সম্মানজনক বিদায়ই তো প্রত্যাশিত।
অথচ মাইকেল ক্লার্ক বিদায়বেলায় এসে যতটা সম্মানিত, তার চেয়ে বেশি যেন সমালোচিত। প্রশংসার চেয়েও বেশি জুটছে নিন্দা। অস্ট্রেলিয়ান ক্রিকেটকে তিনি কী দিয়েছেন, সেই আলোচনার চেয়ে বেশি হচ্ছে তাঁর সময়ে অস্ট্রেলিয়া কী হারিয়েছে!
কারণটা কী? কিছুটা বোঝা যাবে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ও ক্লার্কের শুভাকাঙ্ক্ষী মার্ক টেলরের কথায়, ‘ও একেবারে অন্য ধরনের অধিনায়ক। আমার মনে হয় এ কারণেই মানুষের কখনো কখনো তাকে বুঝতে সমস্যা হয়েছে। সে চিরাচরিত অস্ট্রেলিয়ান অধিনায়কদের মতো নয়। আমি, স্টিভ ওয়াহ বা রিকি পন্টিং যেমন ছিলাম—রক্ষণশীল, একঘেয়ে। আমাদের কাছ থেকে কী পাবেন, সেটা আপনারা জানতেন। আবার মাইকেলের কাছ থেকে কী পাবেন, সেটাও জানতেন। কিন্তু সে আমাদের চেয়ে আলাদা।’
আলাদা যে, সেটা বিদায়বেলায়ও বোঝাচ্ছেন ক্লার্ক। যেহেতু অ্যাশেজের নিষ্পত্তি আগেই হয়ে গেছে, ওভালে আজ শুরু তাঁর ক্যারিয়ারের শেষ টেস্টটা আসলে শুধুই নিয়মরক্ষার। সংবাদমাধ্যমের আগ্রহ মাঠের খেলার চেয়ে ক্লার্কের বিদায়কে ঘিরেই বেশি। কিন্তু কাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ক্লার্ক নিজের বিদায়ের চেয়ে বেশি আগ্রহ দেখালেন খেলা নিয়েই। নিয়মরক্ষার টেস্টটাও যে অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ বোঝালেন সেটা, ‘আমাদের আর সিরিজ জয়ের সুযোগ নেই। কিন্তু তারপরও শেষ ম্যাচে ভালো খেলার গুরুত্ব আছে। এই দলের অনেকেই চার বছরের মধ্যে আবার এখানে আসবে। সুতরাং জয়ে শেষ করার স্মৃতি নিয়ে ফিরে যাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আর এ কারণেই ওভালে বিন্দুমাত্র গা ছাড়া দিতেও রাজি নন ক্লার্ক, ‘এই ম্যাচটাই আসলে আমাদের চরিত্রের পরীক্ষা। আমাদের এই টেস্টটাও আগের টেস্টগুলোর মতো উচ্ছলতা, দৃঢ়তা নিয়ে খেলতে হবে। সামর্থ্যের সবটুকু দিয়ে জেতার চেষ্টা করতে হবে।’
প্রায় একই কারণে শেষ টেস্টটা গুরুত্ব পাচ্ছে ইংল্যান্ডের কাছেও। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকও বলেছেন, ‘ছেলেরা যদি ৪-১ ব্যবধানে জয়ের স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের সিরিজটা খেলতে পারে, তাহলে খুব ভালো হবে। সর্বশেষ সিরিজে আমরা ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অস্ট্রেলিয়া কোনো ছাড় দেয়নি। শেষ দুটি ম্যাচেও ওরা আমাদের ধসিয়ে দিয়েছিল। আমাদের দলেরও সামর্থ্য আছে তেমনটা করার।’
দুই দলের এই দুই রকম লক্ষ্যের বাইরে ওভালে একটা ব্যক্তিগত লক্ষ্যও ঠিক করে নিতে পারেন মাইকেল ক্লার্ক। সিরিজে আগের ৪ টেস্ট মিলিয়ে মাত্র ১১৭ রান ক্লার্কের ক্যারিয়ার গড়টাকে নামিয়ে এনেছে ৪৯.৩০-এ। ৫০-এর বেশি টেস্ট গড় আছে শুধু ৮ জন অস্ট্রেলিয়ানের (অন্তত ২০ টেস্ট খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে)। নবম অস্ট্রেলিয়ান হিসেবে এ তালিকায় নাম তুলতে ওভালের দুই ইনিংস মিলিয়ে ২২২ রান করতে হবে ক্লার্ককে, শুধু একবার আউট হলে ১৭২ করলেই চলবে, আর দুই ইনিংসেই অপরাজিত থাকলে করতে হবে ১২২ রান।
ক্লার্ক পারবেন? এএফপি, রয়টার্স।