ক্লার্কের সমালোচনায় ক্লার্ক

এজবাস্টনে হারের কারণটা ধরতে পেরেছেন মাইকেল ক্লার্ক!
আর সেটা ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সবাইকে বললেনও, ‘ওদের (ইংল্যান্ড) হারানো কঠিন, কারণ ওরা খেলছে ১১ জন নিয়ে, আমরা খেলছি ১০ জন নিয়ে!’
অস্ট্রেলিয়া একজন কম নিয়ে খেলছে! সেটা কী করে সম্ভব? বিস্ময়টা দূর হবে ক্লার্কের পরের কথাগুলো শুনলে, ‘চার নম্বর ব্যাটসম্যানের ফর্ম আমাদের জন্য উদ্বেগের বিষয়।’ মানেটা হচ্ছে, চার নম্বর ব্যাটসম্যান যেভাবে খেলছেন, তাতে তাঁর থাকা আর না-থাকা এখন একই ব্যাপার হয়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য। ১০ জন নিয়ে খেলার কথাটা সে জন্যই বলা। কিন্তু চার নম্বর ব্যাটসম্যান তো ক্লার্ক নিজেই!
হ্যাঁ, অস্ট্রেলিয়ার অধিনায়ক নিজেই নিজের সমালোচক, ‘এখন পর্যন্ত আমার যা পারফরম্যান্স, এটা স্পষ্ট যে আমি সামনে থেকে নেতৃত্ব দিতে পারছি না। কিন্তু আমি সব সময় বলে এসেছি, দলের নেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে অনেক রান করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়া।’
সেটা শুধু এজবাস্টনে নয়, এবারের অ্যাশেজের শুরু থেকেই করতে পারছেন না ৩৪ বছর বয়সী ক্লার্ক। কার্ডিফ, লর্ডস আর এজবাস্টনের ৬ ইনিংস মিলিয়ে ক্লার্কের রান ১৮.৮০ গড়ে ৯৪। এমনকি দলের দুই বোলার মিচেল জনসন (২৪.৬০) আর মিচেল স্টার্কের (২৪.৫০) ব্যাটিং গড়ও তাঁর চেয়ে বেশি! তার ওপর আবার এজবাস্টনের দ্বিতীয় ইনিংসে ইয়ান বেলের ক্যাচ ছেড়েছেন। বয়স কি আসলেই পেয়ে বসেছে ক্লার্ককে? মেলবোর্নের দ্য এজ পত্রিকার সাংবাদিক গ্রেগ বাম তো লিখেই দিয়েছেন, ‘সে (ক্লার্ক) ফর্মে নেই। আর এমন একটা বয়সে এসে ফর্ম হারিয়েছে, যেটিকে সাময়িক সমস্যার চেয়ে বেশি কিছু বলেই মনে হচ্ছে।’ গত তিন বছরে এই প্রথম ক্লার্কের টেস্ট গড়টাও ৫০-এর নিচে নেমে এসেছে।
কী করা যায়! ক্লার্কের দীর্ঘদিনের বন্ধু শেন ওয়ার্ন পরামর্শ দিয়েছেন, ক্রিকেট থেকে কয়েকটা দিনের জন্য বিরতি নেওয়ার। তবে এটাকে ঠিক ফর্মে ফেরার জন্য আদর্শ পন্থা মনে হচ্ছে না ক্লার্কের কাছে, ‘অনেকের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। রিকি পন্টিং যেমন এক সপ্তাহ বিরতি নিত, গলফ খেলত, ফিরে এসে সেঞ্চুরি করে ফেলত। ওর ব্যাট হাতে অনুশীলন করার দরকারই হতো না। কিন্তু আমি সেটা পারি না। অনুশীলন আমার খেলার বড় একটা অংশ এবং সেটাই আমার ক্যারিয়ারে সাফল্য এনে দিয়েছে।’
তার মানে নটিংহ্যামে পরের টেস্টের আগ পর্যন্ত আরও বেশি অনুশীলনকেই ব্রত হিসেবে নিচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। কঠিন সময়ে সতীর্থ তো বটেই, পাশে পাচ্ছেন প্রতিপক্ষ অধিনায়ক অ্যালিস্টার কুককেও। ক্লার্কের এই ফর্মহীনতা সাময়িক মনে হচ্ছে ইংলিশ অধিনায়কের কাছে, ‘আমি নিশ্চিত ও খুব শিগগির এই অবস্থা কাটিয়ে উঠবে।’ তবে এটা বলেই আবার রসিকতা করেছেন, ‘আশা করছি যেন পরের দুই ম্যাচের আগে সে ফর্ম ফিরে না পায়।’
এজবাস্টনে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড, কুক নিজে ও তাঁর সতীর্থরা তাই ফুরফুরে মেজাজেই আছেন। নিজের মাঠে দুই ইনিংসেই দুটি দারুণ হাফ সেঞ্চুরি করে ইয়ান বেল নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তা দূর করেছেন। কুক স্বভাবতই উচ্ছ্বসিত, ‘আপনাকে সব সময় সঠিক ঘোড়ার ওপর বাজি ধরতে হবে। আর ইয়ান বেল অবশ্যই সঠিক ঘোড়া।’
দুর্দান্ত জয়ের উৎসবের মধ্যেও কুকের দলের জন্য দুঃসংবাদ হলো, চোট আগামী ৬ আগস্ট থেকে শুরু ট্রেন্ট ব্রিজে খেলতে দিচ্ছে না দলের সেরা পেসার জেমস অ্যান্ডারসনকে। তবে কুক আশাবাদী যে অন্য কেউ সুযোগটা কাজে লাগাবেন, ‘জিমির (অ্যান্ডারসন) বদলে যে-ই দলে আসুক, তার জন্য এটা দারুণ কিছু করে দেখানোর বড় সুযোগ।’ এএফপি, ক্রিকেট অস্ট্রেলিয়া।