ক্লার্কের হৃদয়ে হিউজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাইরে থেকে মনে হবে সবকিছু তো ঠিকই আছে। জীবন চলছে জীবনের মতো, যে যার নৈমিত্তিক কাজ করে যাচ্ছে। কিন্তু মাইকেল ক্লার্ক জানেন, যে সুতোটা ছিঁড়ে গেছে সেটা আর কোনো দিনই জোড়া লাগবে না। ফিল হিউজের মৃত্যুর পর দুই বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো ক্লার্কের হৃদয়ে আছেন তাঁর অকালপ্রয়াত সতীর্থ।
সম্প্রতি প্রকাশিত হয়েছে মাইকেল ক্লার্কের আত্মজীবনী মাই স্টোরি। মাথায় আঘাত পেয়ে হিউজের অকালে চলে যাওয়াটা ভীষণ ধাক্কা ছিল ক্লার্কের জীবনে। শুধু একজন সতীর্থ নিয়, হিউজ ছিলেন ছোট ভাইয়ের মতো। অনেক আনন্দের মুহূর্তেও হিউজকে ভোলেননি ক্লার্ক, ‘ওই ঘটনার পর আমি বিশ্বকাপ জিতেছি, লর্ডসে টেস্টও জিতেছি। কিন্তু সব সময়ই মনে হয়েছে, কোথাও যেন কিছু একটা শূন্যতা থেকে যাচ্ছে। আমি সেটার দিকে মনোযোগ দেওয়ারও সময় পাচ্ছি না। হতে পারে, ওই পরিস্থিতির সামনে পড়তেই আমি ভয় পাচ্ছিলাম। আমি যে শোক করার সময়টাও পাইনি!’

হিউজের মৃত্যুর কয়েক দিন পরই অস্ট্রেলিয়াকে নেমে পড়তে হয়েছিল অ্যাডিলেড টেস্টে। সেটি নিয়ে বোর্ডের সঙ্গে মন-কষাকষিও হয়েছিল ক্লার্কের, ‘একটা সময় ক্রিকেট অস্ট্রেলিয়া, নির্বাচক, হাইপারফরম্যান্স ম্যানেজারের সঙ্গে তো লেগেই গিয়েছিল আমার। হিউজির শেষকৃত্যের পর সিএ চেয়েছিল ভারতের সঙ্গে টেস্ট সিরিজটা দ্রুত শুরু করতে। এরপর জীবন তার নিয়মে চলতে শুরু করল।’ সিডনি মর্নিং হেরাল্ড।