ক্ষণিকের 'প্রতিরোধ' শেষে ফিরলেন মাহমুদউল্লাহও

উমেশ যাদব একটু ঈর্ষা বোধ করতেই পারেন। বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি, আর মাহমুদউল্লাহর উইকেটটা পেলেন কিনা ইশান্ত শর্মা!
দিনের ১১তম ওভারে মুমিনুল হককে ফেরানোর পর থেকেই দুর্দান্ত বোলিং করছিলেন যাদব। প্রতিটি বলই ৮৫ থেকে ৯০ মাইল গতির, সঙ্গে দুর্দান্ত সুইং—বাংলাদেশ ব্যাটসম্যানদের ওপর যেন বইয়ে দিচ্ছিলেন ঝড়। তবে সেই ঝড় মোটামুটি ভালোই সামাল দিচ্ছিলেন সাকিব-মাহমুদউল্লাহ। দলের রান ১০০–ও পার করে নিয়ে গেছেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান। কিন্তু বোলিংয়ে বদল আসতেই জুটিটা গেল ভেঙে। ইশান্ত শর্মার বলে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন মাহমুদউল্লাহ (২৮ রানে)। মধ্যাহ্নবিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৫। নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়কের রান এখন ৬, সঙ্গী সাকিব আল হাসান অপরাজিত ২৯ রানে।
দিনের শুরুতে বাংলাদেশের দুটি উইকেটেই ছিল উমেশ যাদবের ভূমিকা। দিনের তৃতীয় ওভারে স্কয়ার লেগ থেকে তাঁর দুর্দান্ত থ্রোতেই রানআউট হন তামিম ইকবাল। যদিও সেই আউটে বাংলাদেশের দুই ব্যাটসম্যানের দায়ই বেশি। এক রানের জায়গায় দুই রান নিতে গিয়ে নিজেরাই ছিলেন সংশয়ে, তাতে তামিম হলেন আউট। আগের দিনের ২৪ রানের সঙ্গে আজ শুধু একটি রানই যোগ করতে পেরেছেন বাংলাদেশ ওপেনার। বাংলাদেশের জন্য আরও বড় ধাক্কা হয়ে আসে দিনের ১১তম ওভারে মুমিনুলের আউট। যাদবের ভেতরে ঢোকা বলটি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে লেগে যায় প্যাডে।
এরপর একদিকে চলতে থাকে জাদেজার স্পিন, অন্যদিকে উমেশ যাদবের ওই দুর্দান্ত বোলিং। তবে উইকেটে থাকা মাহমুদউল্লাহ ও সাকিব সেটি ভালোই সামলে নিচ্ছিলেন। সাকিব তো শুরু থেকেই যেন প্রতি-আক্রমণকে মন্ত্র মেনে নেমেছেন। এখন পর্যন্ত ২৯ রান করেছেন, তার মধ্যে চারই পাঁচটি। তবে সেই প্রতিরোধ ভাঙে ভারতের বোলিং পরিবর্তনের পর। ইশান্ত শর্মার বলে এলবিডব্লু হন মাহমুদউল্লাহ। অবশ্য রিভিউ নিয়েছিলেন, কিন্তু বাঁচতে পারেননি।