ক্ষতিটা শুধুই মরগানের, বলছেন ভন ও হুসেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরগানের ভবিষ্যৎ​ চিন্তিত মাইকেল ভন ও নাসির হুসেইন। ছবি: রয়টার্স
মরগানের ভবিষ্যৎ​ চিন্তিত মাইকেল ভন ও নাসির হুসেইন। ছবি: রয়টার্স

বাংলাদেশ সফরে আসছেন না ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। নিরাপত্তা শঙ্কা থেকেই তাঁর এই সিদ্ধান্ত। তবে এটিকে ভালো চোখে দেখছেন না ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসির হুসেইন। যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মেইলে নিজেদের কলামে মরগানের সিদ্ধান্তকে ভুল বলেছেন তাঁরা।
ডেইলি টেলিগ্রাফে ভন লিখেছেন, যে কারোই অধিকার আছে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তবে সেই ব্যক্তিটি ইংল্যান্ডের অধিনায়ক হলে তার আরও বেশি ভাবা দরকার ছিল, ‘সবার পরামর্শ নেওয়ার পরও মনে রাখতে হবে আপনি ইংল্যান্ডের অধিনায়ক। কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়াই দায়িত্ব। ইংল্যান্ডের অধিনায়কত্ব করাটা বেশ সম্মানের ব্যাপার। দায়িত্ব নেওয়ার সময় আপনি স্বপ্ন দেখেছেন দলকে গৌরবের মুহূর্ত উপহার দেবেন, দলের সাফল্যে নেতৃত্ব দেবেন।’ সঙ্গে যোগ করেন,‘কিন্তু দায়িত্ব নেওয়ার সময় এটাও জানতেন আপনাকে হয়তো এমন কাজ করতে হতে পারে যা আপনার পছন্দ নয়। একজন ভালো অধিনায়কের বড় গুন হলো সে সতীর্থদের এমন কোনো কাজ করতে বলবে না যা তাঁর নিজের পছন্দ নয়।’ সতীর্থরা আসছেন বাংলাদেশে, কিন্তু অধিনায়ক আসছেন না। ভন মনে করেন মরগানের সবচেয়ে বড় ভুল এটাই, ‘ আমি বলব মরগান খুব বড় ভুল করল। খেলোয়াড়েরা হয়তো সংবাদ সম্মেলনে ওঁকে সমর্থন করে কথা বলবে। কিন্তু মনে মনে কিন্তু তারা এটাও বলবে কঠিন সময়ে অধিনায়ক পাশে থাকছে না।’ 

অধিনায়কের বড় দায়িত্ব সতীর্থদের উদ্দীপ্ত করা, কঠিন পরিস্থিতি জয় করার মন্ত্র জপে দেওয়া। ভবিষ্যতে মরগান কীভাবে এই কাজটা করবেন তা নিয়েও চিন্তিত ভন, ‘আপনি তাদের আরও কঠিন হতে বলেন যাতে তারা মাঠে সামর্থ্যের চেয়েও বেশি দিতে পারে। আমি ভেবে পাই না এরপর সে কীভাবে অন্যদের চোখের দিকে তাকিয়ে এই কাজগুলো করতে বলবে।’
বাংলাদেশ নিজেদের মাঠে ভয়ংকর এক দল। এ ছাড়া গত দুই বিশ্বকাপেই বাংলাদেশের কাছে হেরেছে ইংল্যান্ড। এটাও মনে করিয়ে দিয়ে ভন লিখেছেন, মরগানের উচিত ছিল ওসব মনে রাখা। এ ছাড়া ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত অগ্রাহ্য করাও ভালো চোখে দেখেননি ভন, ‘সমস্যাটা হলো মরগান যা বলেছে তার অর্থ এই ‘‘আমি বিশেষজ্ঞদের বিশ্বাস করি না।’’ নিরাপত্তা উপদেষ্টার পরামর্শ নিয়ে যারা সফর এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই স্ট্রাউস ও গ্রেভসরা নিশ্চিতভাবেই বিরক্ত হয়েছে।’
এ বছর ওয়ানডেতে মরগানের ব্যাটিং গড় মাত্র ২৯। এটা মনে করিয়ে দিয়ে ভনের শঙ্কা, অন্যরা ভালো করলে আর হয়তো ফেরাই হবে না মরগানের।
নাসির হুসেইনের বিশ্বাস, নিরাপত্তা নিয়ে শঙ্কাটা ব্যক্তিগত। তবে মরগান যেহেতু অধিনায়ক, তাই চিন্তা-ভাবনা একটু অন্যরকমই হওয়া দরকার ছিল, ‘নেতা হিসেবে ওর দরকার ছিল দল ও বোর্ডকে এটা বোঝানো যে সফরে যাওয়া ঠিক হবে না। কিন্তু সিদ্ধান্ত যখন হয়েই গেল, তখন উচিত ছিল দলের সঙ্গে যাওয়া।’
ভনের মত হুসেইনেরও শঙ্কা, এরপর আর সতীর্থদের উপর কর্তৃত্ব করতে পারবেন না মরগান, ‘এরপর সে (মরগান) যখন সতীর্থদের উদ্দীপ্ত করার চেষ্টা করবে, তখন হয়তো কেউ একজন পাল্টা জবাব দেবে, ‘‘একটু থামুন, আমরা যখন ঝুঁকি নিয়েও বাংলাদেশে যাই তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন না। আমরা যখন ট্যাংক ও স্নাইপারদের প্রহরায় ছিলাম, আমরা যখন হোটেল কক্ষে বন্দী ছিলাম তখন আপনি কোথায় ছিলেন?’’ দলে তার কর্তৃত্ব খর্ব হবেই’।
২০১০ সালে আইপিএল চলাকালে মাঠের পাশে বোমা বিস্ফোরণের পরও ভারতে যেতে দুবার ভাবেননি মরগান, বাংলাদেশে আসতে সমস্যা কোথায় সেই প্রশ্নও তুলেও মরগানের কাছে উত্তর চেয়েছেন হুসেইন। ডেইলি টেলিগ্রাফ ও ডেইলি মেইল।