ক্ষতিপূরণ ৪০০ কোটি রুপি!
ক্ষোভটা কিছুতেই কমছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। মাঝপথে সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, ক্ষতিপূরণ চাওয়া হবে—এ কথা আগের দিনই বলেছিলেন বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল। কাল আভাস পাওয়া গেছে, ক্ষতিপূরণের অঙ্কটা হতে পারে প্রায় ৪০০ কোটি রুপি! শুধু তা-ই নয়, ডব্লুআইসিবিকে ‘উচিত শিক্ষা’ দিতে নাকি দ্বিপক্ষীয় সিরিজও কমিয়ে দিতে চাইছেন অনেক বিসিসিআই কর্মকর্তা।
ভারত সফরে ৫টি ওয়ানডে, ৩টি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বেতন-ভাতা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ধর্মশালায় চতুর্থ ওয়ানডের পরেই সিরিজ বাতিল ঘোষণা করে ডব্লুআইসিবি। ফলে বিশাল আর্থিক লোকসান গুনতে হচ্ছে ভারতকে। স্বভাবতই তেতে উঠেছে বিসিসিআই। সঞ্জয় প্যাটেল বলেছেন, ‘ওদের (ডব্লুআইসিবি) সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় চুক্তি ছিল, কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে ওরা সেই চুক্তি ভঙ্গ করেছে। সুতরাং আমরা ক্ষতিপূরণ তো চাইবই।’ সেই ক্ষতিপূরণের অঙ্কটা কত হতে পারে তার একটা আভাস ক্রিকইনফোকে দিয়েছেন বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা। একটি ওয়ানডে, তিনটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি মিলে মোট ১৭ দিনের খেলা বাতিল হয়ে গেছে। এর মধ্যে শ্রীলঙ্কা ভারতের সঙ্গে ৫টি ওয়ানডে খেলতে রাজি হওয়ায় ৫ দিনের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু বাকি ১২ দিনের ক্ষতিপূরণ চাওয়া হবে ডব্লুআইসিবির কাছে। গত মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে ম্যাচের প্রতিটি দিন প্রায় ৩৩ কটি রুপি আয় করেছিল বিসিসিআই। ধারণা করা হচ্ছে, এবারও আয়টা সে রকমই আছে। সেই হিসাবে ১২ দিনের জন্য ভারতের আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ৩৯৬ কোটি রুপি। ডব্লুআইসিবির কাছে এই টাকাটাই চাইবে বিসিসিআই।
তবে বিসিসিআইয়ের অনেক কর্মকর্তাই নাকি শুধু আর্থিক ক্ষতিপূরণে সন্তুষ্ট থাকতে রাজি নন। যুগ্ম সচিব অনুরাগ ঠাকুর তো ক্রিকইনফোকে বলেই দিয়েছেন, ‘বিসিসিআইয়ের উচিত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সব দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করা।’ এফটিপি অনুযায়ী, আগামী ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ ১০টি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৪টি টি-টোয়েন্টি খেলার কথা নিজেদের মধ্যে। বিসিসিআইয়ের বেশির ভাগ কর্মকর্তাই নাকি এ সংখ্যাটা কমিয়ে অর্ধেক করে ফেলার পক্ষে।
ডব্লুআইসিবির প্রতি এই ক্ষোভটা রেখেই বিসিসিআই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার প্রতি। ওয়েস্ট ইন্ডিজের বিকল্প হিসেবে ভারতে আগামী মাসে ৫টি ওয়ানডে খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা। সেটির কৃতজ্ঞতা বোধ থেকেই কি না আগামী বছরে আগস্টে তিনটি টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যেতে রাজি হয়েছে ভারত। শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব নিশান্থা রানাতুঙ্গা বলেছেন, ‘পরের মাসে আমরা যেমন ভারতে পাঁচটি ওয়ানডে খেলতে যাচ্ছি, পরের বছর ভারতও শ্রীলঙ্কায় আসবে টেস্ট খেলতে।’ ক্রিকইনফো।