ক্ষমা চাই, বললেন আমির

বয়স মাত্র ২৩ বছর। এই বয়সে অনেকের প্রথম শ্রেণিতেও অভিষেক হয় না। যা হারিয়ে গেছে তা নিয়ে আর আক্ষেপ নয়। তার মানে অবশ্য এই নয়, অতীত তিনি ভুলে যাচ্ছেন। বরং অতীত তাঁর কাছে শিক্ষক হয়ে থাকবে। আর সেই শিক্ষা থেকে মোহাম্মদ আমির প্রতিজ্ঞা করছেন, ক্যারিয়ারের শুরুতে যে কলঙ্কের কালি মেখেছেন, শত প্রলোভনেও ওই পথে হাঁটবেন না আর। আরও একবার সবার কাছে বিনীত স্বরে প্রার্থনা করেছেন ক্ষমা।
ঘরোয়া ক্রিকেটে যাত্রা শুরুতেই প্রতিভার ঝলক দেখিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতেও তাই দেরি হয়নি। ২০০৯ সালের জুনে পাকিস্তানের হয়ে অভিষেক। আরেক জুনে গিয়ে থামল সেই যাত্রা। এর মাঝখানে মাত্র ১৪ টেস্টে ৫১ উইকেট নিয়ে আরেক ওয়াসিম আকরামের আগমনবার্তা ছড়িয়ে দিয়েছিলেন। কেউ কেউ তো এমনও বলেছিলেন, ১৮ বছর বয়সে আকরামও এত প্রতিভাবান ছিলেন না।
সেই প্রতিভা কালোটাকার লোভে পথ হারাল। ২০১০ সালের লর্ডস টেস্টে ইচ্ছাকৃত নো-বল করতে রাজি হলেন আমির। যে কেলেঙ্কারিতে জড়িত ছিলেন আরও দুই সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফ। আজ আনুষ্ঠানিকভাবে এই তিনজনের শাস্তির মেয়াদ শেষ হলো। এখন থেকে ক্রিকেটে ফিরতে বাধা নেই তাঁদের।
‘বাধা নেই’ লিখে দেওয়াটা বোধ হয় ঠিকও হলো না। মানুষের বিশ্বাসের সঙ্গে, এত পুরোনো খেলাটির চেতনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন। মানুষ কি আবারও ফিরে পাবে আস্থা? পাকিস্তানের খেলোয়াড়েরাই নাকি এই তিনজনের সঙ্গে এক ড্রেসিং রুম ভাগাভাগি করে নিতে রাজি নয়।
আমির অবশ্য করজোড়ে ক্ষমা চাইছেন পুরোনো পাপের, ‘যাঁদের আহত করেছি, আমার সতীর্থ, সমর্থক, পরিবার, আমার দেশ—সবার কাছে বিনীত ক্ষমা চাই। ক্যারিয়ারের শুরুতে যে ভুল করেছি, এর জন্য কত অনুশোচনার আগুনে পুড়েছি তা কখনো বলে বোঝাতে পারব না।’
বয়সের কারণে আমিরের মধ্যে এখনো নতুন সম্ভাবনা অনেকেই দেখেন। ২৩ বছরে আবারও সবকিছু শূন্য থেকে শুরু করতে পারেন আমির। বাট-আসিফের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ হয়তো ঘটেই গেছে এরই মধ্যে, তবে আমিরকে আরেকটি সুযোগ দেওয়ার পক্ষে অনেকেই। বিশেষ করে বিচার প্রক্রিয়ায় আমির যেহেতু শুরু থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে এসেছেন। বলা যায়, রাজসাক্ষীও ছিলেন তিনি।
আমিরের ফেরার প্রক্রিয়াও শুরু হয়েছে এরই মধ্যে। গত মার্চ-এপ্রিলে দ্বিতীয় সারির ক্রিকেটে খেলে চার ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। এরপর অবশ্য ইনজুরিতে পড়ে যান। ভালো খেলে আবারও মানুষের ভালোবাসা জয় করতে চান এই বাঁ হাতি পেসার, ‘জানি না আমাকে সত্যি ক্ষমা করা হবে কি না। তবে আশা করি, নিজের খেলা দিয়ে আবারও আপনাদের বিশ্বাস আর ভালোবাসা জয় করতে পারব। দারুণ খেলাই হতে পারে অতীতকে মুছে ফেলার সবচেয়ে ভালো উপায়।’ সূত্র: এএফপি।