ক্ষমা চাইতে দেরি করে ফেলেছেন ব্রাভো
ক্ষমা চাইতে একটু দেরি করে ফেলেছেন ড্যারেন ব্রাভো। সে কারণেই ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা হলো না তাঁর। তবে দেড় বছর পর দলে ফিরেছেন ফাস্ট বোলার কেমার রোচ।
৩৭ টেস্টে ৩০.২৩ গড়ে ১২২ উইকেট নেওয়া রোচ আগের সেই গতিটা হারিয়ে ফেলেছেন। তবে সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ছিল অসাধারণ। বারবাডোজের হয়ে ১৬.১৭ গড়ে নিয়েছেন ২৩ উইকেট। নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউন রোচ সম্পর্কে বলেছেন, ‘তার বোলিংয়ে আগের মতো গতি হয়তো নেই। তবে স্কিলটা ঠিকই আছে। এর সঙ্গে ওর অভিজ্ঞতা বোলিং আক্রমণে বাড়তি মাত্রা যোগ করবে।’
দলে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার রেমন রেইফার। ঘরোয়া ক্রিকেটে গায়ানার হয়ে পেস বোলিংয়ে ২১.৫৮ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন, ৩৭.০৮ গড়ে করেছেন ৪৪৫ রান। তিনটি ওয়ানডে খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান কাইল হোপও আছেন ১৫ সদস্যের দলে।
গত নভেম্বরে জিম্বাবুয়ে সফরে গিয়ে নিজের চুক্তি নিয়ে অসন্তুষ্ট ব্রাভো বোর্ড সভাপতি ডেভ ক্যামেরনকে ‘বিরাট এক গর্দভ’ বলেছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল এবং নিষিদ্ধ করা হয়েছিল জাতীয় দলে। তবে সম্প্রতি তিনি এর জন্য ক্ষমা চেয়েছেন। তবে সেটি একটু দেরিতে করেছেন বলেই তাঁকে ইংল্যান্ড সফরের টেস্ট দলে নেওয়া যায়নি বলে জানিয়েছে বোর্ড। টেস্টে ৪০ গড়ের এই ব্যাটসম্যানকে অবশ্য ভবিষ্যতে বিবেচনা করা হবে।
ইংল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজের পর একটি টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। রয়টার্স।