ক্ষুব্ধ আইসিসি সভাপতি মুস্তফা কামালও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা এমসিজির ভিআইপি বক্সে বসেই দেখেছেন। দেখে আরও অনেকের মতো ক্ষোভে ফুঁসেছেন আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। কাল ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি বলেছেন, আগামী মাসে অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভায় তিনি বিষয়টা তুলবেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কাল রাতে মেলবোর্ন থেকে মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আইসিসি সভাপতি হিসেবে নয়, একজন দর্শক হিসেবে বলছি, আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে খুবই বাজে আম্পায়ারিং হয়েছে। অনেক সিদ্ধান্তই ভুলভাবে বাংলাদেশের বিপক্ষে গেছে। তবে সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, তা আমি জানি না।’
ক্ষুব্ধ কণ্ঠে আরও বলেছেন, ‘আইসিসির সবাই দেখেছে, সারা বিশ্ব দেখেছে আম্পায়ারিং কতটা বাজে হয়েছে। অস্ট্রেলিয়া, এমনকি ভারতের মিডিয়াও এর সমালোচনা করছে। আমি আইসিসির পরবর্তী সভায় বিষয়টা উপস্থাপন করব। তাতে ম্যাচের ফলাফল হয়তো বদলাবে না। তবে এর প্রতিবাদ আমি করব।’
১৩৭ রান করে আউট হলেও ব্যক্তিগত ৯১ রানের সময় রুবেলের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেন রোহিত শর্মা। কিন্তু বলটি ব্যাটসম্যানের কোমর উচ্চতার ওপরে ছিল দাবি করে ‘নো’ ডাকেন আম্পায়াররা। অথচ টিভি রিপ্লেতে দেখা গেছে, বল রোহিতের কোমরের নিচের দিকেই যাচ্ছিল। আম্পায়ারদের ‘বদান্যতায়’ রোহিত আউটের হাত থেকে বেঁচে না গেলে ভারতের রান ৩০২ না-ও হতে পারত, খেলার ফলও হতে পারত অন্য রকম।
বাংলাদেশের বিপক্ষে এ রকম বাজে সিদ্ধান্তের প্রতিবাদে আইসিসি সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন কি না, জানতে চাইলে মুস্তফা কামাল বলেছেন, ‘পদত্যাগ করলে যদি ম্যাচের ফলাফল বদলায়, আমি অবশ্যই তা করব।’