ক্ষুব্ধ হাথুরুসিংহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনের খেলা শেষ। দুই আম্পায়ার নাইজেল লং আর পল রাইফেল চলে যাচ্ছেন মাঠ ছেড়ে। দ্রুত পায়ে তাঁদের পিছু নিলেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাঁটতে হাঁটতেই আম্পায়ারদের সঙ্গে তাঁর কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময়ও হলো। কথা শেষ না হওয়ায় লং আর রাইফেলের সঙ্গে হাথুরুসিংহে ঢুকে পড়লেন আম্পায়ারদের কক্ষে।
সূত্র জানিয়েছে, হাঁটতে হাঁটতে হাথুরুসিংহে আসলে জানতে চেয়েছেন, দিনের আলো চলে গেলেও আম্পায়াররা কেন বাড়তি সময় খেলালেন? ফ্লাডলাইটের আলোয় বলের ছায়া পড়তে শুরু করার পরও কেন দিনের খেলা বন্ধ হলো না? নাইজেল লংয়ের উত্তর নাকি ছিল, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু আম্পায়ারদের। হাথুরুসিংহে এ নিয়ে তাঁদের প্রশ্ন করতে পারেন না।
আম্পায়ারদের রুমে গিয়েও বিষয়টা নিয়ে কথা-কাটাকাটি হয়েছে দুই পক্ষে। আম্পায়াররা যতই বলেন তাঁরা আইনের বাইরে কিছু করেননি, হাথুরুসিংহে তাঁর বক্তব্যে অটল—খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আম্পায়াররা ভুল সিদ্ধান্ত নিয়েছেন। প্রকাশ করেছেন ক্ষোভ। এ সময় কোচের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। তবে কাল রাতে মুঠোফোনে জানতে চাইলে বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বিসিবি সূত্রে অবশ্য জানা গেছে, দিনের নির্ধারিত ছয় ঘণ্টা সময়ের মধ্যে ৯০ ওভারের খেলা শেষ না হলে প্রয়োজনে আম্পায়াররা ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা চালাতে পারবেন। কালও নাকি সেটাই হয়েছে। বিকেল পাঁচটায় দিনের সময় শেষ হয়ে গেলেও খেলা চলেছে ৫টা ২১ মিনিট পর্যন্ত, যার অনেকটাই হয়েছে ফ্লাডলাইট জ্বালিয়ে।