ক্ষোভ ঝাড়লেন ধোনি
স্পট ফিক্সিং-কাণ্ডে মুকুল মুডগাল কমিটি যে ১৩ ক্রিকেটারের নাম গোপন খামে ভরে দিয়েছিল সুপ্রিম কোর্টকে, তার মধ্যে মহেন্দ্র সিং ধোনির নামও ছিল বলে গুঞ্জন উঠেছিল। এমনকি তদন্তের অংশ হিসেবে ধোনিকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। তবে ২২ জানুয়ারি সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেছেন ভারতের ওয়ানডে অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা গুরুনাথ মায়াপ্পন দোষী সাব্যস্ত হলেও ধোনির নাম আসেনি অভিযুক্ত হিসেবে। এত দিন এ বিষয়ে তাঁর নাম জড়িয়ে যাঁরা গুঞ্জন রটিয়েছেন তাঁদের ওপর তাই কিছুটা ক্ষোভ ঝাড়লেন ধোনি, ‘ভারতীয় ক্রিকেটে বিতর্কিত কিছু ঘটলেই আমার নাম উঠে আসে৷ এই ব্যাপারটা শেষ হয়েছে। কিন্তু আবার নতুন কিছু হয়তো ঘটবে। কিছু না থাকলেও আমাকে নিয়ে হয়তো বানানো হবে গল্প৷ আমি এখন এতে অভ্যস্ত হয়ে গেছি।’
স্পট ফিক্সিং মামলার রায়ে সুপ্রিম কোর্ট এন শ্রীনিবাসনকে বেকসুর খালাস দিলেও তিনি কীভাবে একই সঙ্গে বোর্ড সভাপতি ও চেন্নাই সুপার কিংসের স্বত্বাধিকারী ছিলেন সেই প্রশ্ন তুলেছেন। বোর্ডের নির্বাচনে দাঁড়াতে হলে শ্রীনিকে সিএসকে-এর মালিকানা ছাড়তে হবে বলে নির্দেশ দেন আদালত৷ ধারণা করা হয়েছিল, হয়তো ব্যবসায়িক কারণে বোর্ড ছেড়ে চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকবেন শ্রীনি। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমে গতকালের গুঞ্জন, বোর্ডের ক্ষমতা ছাড়তে আগ্রহী নন শ্রীনি। দরকার হলে সিএসকের সঙ্গে সম্পর্কের ইতি টেনে তবেই বিসিসিআই সভাপতি পদে নির্বাচন করবেন তিনি এবং সে জন্য বোর্ডে নিজের পক্ষের লোকজনদের নাকি সেভাবেই নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। ক্রিকইনফো, পিটিআই, এনডিটিভি।