কড়া শাস্তি সাব্বির ও আল আমিনের
একই দিনে দুটি শাস্তির খবর শুনতে হলো সাব্বির রহমানকে। মোহাম্মদ শেহজাদের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনায় ১৫ শতাংশ ম্যাচ ফি কাটা গেছে। তবে পরেরটি আরও গুরুতর। যে অপরাধটি বিপিএল গভর্নিং কাউন্সিল সরাসরি উচ্চারণও করছে না, শুধু বলছে ‘গুরুতর শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড’। শুধু সাব্বির নন, একই অপরাধে বরিশাল বুলসের পেসার আল আমিনকেও গুনতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা।
কাল বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠের বাইরে দুই খেলোয়াড়ের মারাত্মক কিছু শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড খুঁজে পেয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। শাস্তি হিসেবে বিপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তির অর্ধেক টাকা জরিমানা করা হয়েছে আল আমিনকে। খেলোয়াড় ড্রাফটে তাঁর দাম ছিল ২৫ লাখ টাকা। সাব্বিরকে জরিমানা করা হয়েছে চুক্তির ৩০ শতাংশ অর্থ। সাব্বিরের দাম ছিল ৪০ লাখ টাকা।
কিন্তু কী এমন শৃঙ্খলা তাঁরা ভাঙলেন যে এত বড় শাস্তি? বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক অপরাধ সম্পর্কে সরাসরি কিছু না বলে জানালেন, ‘টিম হোটেলে আমাদের পর্যবেক্ষক দলের চোখে তাদের শৃঙ্খলাভঙ্গের ঘটনা ধরা পড়েছে। তদন্ত করেই দুজনকে এই শাস্তি দেওয়া হয়েছে। আশা করি, এতে অন্যরাও সতর্ক হবে।’
একটি সূত্রে জানা গেছে, হোটেলরুমে নারী অতিথি নিয়ে যাওয়ার অপরাধেই সাব্বির ও আল আমিনের এই শাস্তি।