কড়া 'হেডমাস্টার' ম্যাঙ্গোঙ্গো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো

রাজনীতির ছোবলে জিম্বাবুয়ে দলে তখন আরেক দফা পটপরিবর্তন হয়ে গেছে। টাটেন্ডা টাইবু অধিনায়ক। দলে জায়গাই নিশ্চিত ছিল না মলুলেকি এনকালার। ২০০৫ সালে বাংলাদেশ সফরে ওই পেসারই এলেন সহ-অধিনায়ক হয়ে। বাংলাদেশ সিরিজ জিতল, এনামুল হক জুনিয়র ও মোহাম্মদ রফিক মিলে ২ টেস্টে নিলেন ২৪ উইকেট। এনকালা সংবাদ সম্মেলনে বললেন, ‘পরেরবার বাংলাদেশে আসার আগে বাঁহাতি স্পিন খেলা শিখে আসতে হবে।’
শেখার জন্য সময় যথেষ্টই পেয়েছিলেন এনকালার উত্তরসূরিরা। ৯ বছর পর আবার বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে এসেছে জিম্বাবুয়ে। প্রথম টেস্টে যথারীতি দুই বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান মিলেই নিলেন ২০ উইকেটের ১৬টি! মাঝে ওয়ানডে খেলতে আরও বেশ কবার এসেছে জিম্বাবুয়ে। রাজ্জাক-সাকিবদের স্পিনের জবাব কোনোবারই তারা দিতে পারেনি।
কারণ কাজটা খুব কঠিন। জিম্বাবুয়ের উইকেট-কন্ডিশন তো আর বাংলাদেশের মতো নয়। নেই এই মানের বাঁহাতি স্পিনারও। জিম্বাবুয়ের স্পিন সামলানো তাই নির্ভর করছে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর, সহজাতভাবেই যাঁরা স্পিন ভালো খেলেন। ব্রেন্ডন টেলর যেমন এমনিতে স্পিনটা বেশ ভালো খেলেন। মজার ব্যাপার হলো, এমন আরও একজনকে দেশেই রেখে এসেছে জিম্বাবুয়ে। সবচেয়ে ভালো স্পিন খেলায় টেলরের জোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে যাঁর—শন উইলিয়ামস!
স্পিনে তাঁর টেকনিক যথেষ্টই আঁটোসাঁটো। টেম্পারামেন্ট ভালো। বাঁহাতি ব্যাটসম্যান বলে বাঁহাতি স্পিন সামলানো তুলনামূলক সহজ। সুইপটা ভালো খেলেন, সুইপ খেলে স্পিনারদের লেংথ এলোমেলো করে দিতে পারেন। বাংলাদেশের বিপক্ষে রেকর্ডও ভালো। টেস্ট খেলেননি এখনো, তবে ২০টি ওয়ানডেতে করেছেন ৭ ফিফটি। সাম্প্রতিক ফর্মও ছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডেতে করেছেন ৫১, ৫৫, ৪৬। এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও পেয়েছেন রান। কাজ চালানোর বাঁহাতি স্পিনটাও খারাপ করেন না। ক্যারিয়ার-সেরা বোলিং বাংলাদেশের বিপক্ষেই (৩/২৩)। ফর্মে ছিলেন, চোট নেই। তার পরও বাংলাদেশ সফরের দলে নেই উইলিয়ামস। কারণ শৃঙ্খলা!
বাংলাদেশে আসার আগে যে ক্যাম্প করেছে জিম্বাবুয়ে, পারিবারিক কারণে সেটির প্রথম ভাগে ছিলেন না উইলিয়ামস। যোগ দিয়েছিলেন একটি প্রস্তুতি ম্যাচের তিন দিন আগে। কিন্তু কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গো খতিয়ে দেখতে চেয়েছিলেন উইলিয়ামস সত্যি বলছেন কি না। আনুষ্ঠানিক শুনানিতে ডেকেছিলেন উইলিয়ামসকে। সিনিয়র ক্রিকেটার হিসেবে এতে অহংয়ে লাগে উইলিয়ামসের। খানিকটা কথা কাটাকাটি হয় কোচের সঙ্গে, অবসরের হুমকিও দেন। পরে অবশ্য নিজ থেকেই আবার ওটার জন্য ক্ষমা চান কোচের কাছে। কিন্তু কোচের মন গলেনি। ছুড়ে ফেলা হয়েছে উইলিয়ামসকে।
ম্যাঙ্গোঙ্গো এমনই। তাঁর মন গলে না। তাঁকে বলা হয় ‘ডিসিপ্লিন ফ্রিক’। শৃঙ্খলার সঙ্গে আপস করেন না। কদিন আগেই যেমন বুঝেছেন তিনাশে পানিয়াঙ্গারা। অ্যাশেজে মিচেল জনসনের আগুনে বোলিংয়ের ভিডিও পাঠিয়েছিলেন সতীর্থদের ফোনে। এই ‘অপরাধে’ বহিষ্কার করা হয়েছিল দলের সেরা পেসারকে! সবাই অবাক হলে ম্যাঙ্গোঙ্গো বলেছিলেন, ‘আমরা তো ডেল স্টেইনকে মিস করতে যাচ্ছি না। সবার আগে শৃঙ্খলা। ছেলেমানুষি আচরণ একটুও বরদাশত করা হবে না।’ শৃঙ্খলার ব্যাপারে তিনি আপসহীন, বাকি সব ব্যাপারেই ভীষণ কড়া। গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ানডেতে বাজে শট খেলে আউট হওয়ার অপরাধে তৃতীয় ওয়ানডেতে ম্যাঙ্গোঙ্গো বাদ দিয়েছিলেন টেস্ট অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত টেলরকে। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে হারার পর বলেছিলেন, ‘প্রয়োজনে সব সিনিয়রকে বাদ দেওয়া হবে।’ এমন উদাহরণ আছে অসংখ্য।
অথচ সংবাদমাধ্যমের সামনে তিনি দারুণ প্রাণখোলা, আন্তরিক। মজা করে কথা বলেন। কিন্তু টেস্টের পরদিন উইলিয়ামসের প্রসঙ্গ তুলতেই রাগী হেডমাস্টার চরিত্র বেরিয়ে এল ক্ষণিকের জন্য। শীতল কণ্ঠে কাটা কাটা শব্দে বললেন, ‘আমার কাছে শৃঙ্খলা সবকিছুর আগে এবং সেখানে সবাই একই পাল্লায়। শন যেমন, বাকি আর ৩০ জনও একই রকম। কারও জন্য আলাদা কোনো নিয়ম নেই। কারও জন্য আমরা আক্ষেপ-আফসোসও করি না।’
শৃঙ্খলা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু শৃঙ্খলার মন্ত্রে যে স্পিন চ্যালেঞ্জ জেতা কঠিন! মিরপুর টেস্ট শেষে টেলর তো বলেই দিয়েছেন, ‘শন উইলিয়ামসকে মিস করেছি আমরা।’