খরচ বেশি প্রাপ্তিও অনেক
বাংলাদেশ থেকে গেছেন তামিম ইকবাল। শ্রীলঙ্কা থেকে থিসারা পেরেরা। দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হয়ে ছিলেন আমলা-ডু প্লেসিরা। ছিলেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারও। এঁদের নিয়েই গড়া বিশ্ব একাদশের সঙ্গে ম্যাচ দিয়েই পরশু আন্তর্জাতিক ক্রিকেট ফিরল পাকিস্তানে। তবে এর জন্য খরচাপাতিও কম হচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ক্রিকইনফো জানাচ্ছে, তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের পেছনে প্রায় ২৫-৩০ লাখ ডলার খরচ হচ্ছে।
ক্রিকইনফো বলছে বিশ্ব একাদশের প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন প্রায় ১ লাখ ডলার (৮২ লাখ টাকার কাছাকাছি) করে। এর সঙ্গে ম্যাচ আয়োজন, নিরাপত্তা...আনুষঙ্গিক খরচ তো আছেই। পুরো খরচ অবশ্য পিসিবিকে দিতে হচ্ছে না। নিরাপত্তা ব্যয়ের ১০ লাখ ডলারই দিচ্ছে আইসিসি।
তবে অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট তাঁরা দেখতে পারছেন। বাবর আজমের ঝোড়ো ব্যাটিং (৫২ বলে ৮৬), সোহেল-রুম্মান-শাদাবদের বোলিংয়ের সৌজন্যে পরশু প্রথম ম্যাচটা পাকিস্তান ২০ রানে জিতে যাওয়ায় খুশিটা আরও বেড়েছে।
বিশ্ব একাদশে জায়গা পেয়েই তামিম ইকবাল বলেছিলেন, ‘ক্রিকেট খেলুড়ে ১০-১২টা দেশ একটা পরিবারের মতো। পাকিস্তানে (আন্তর্জাতিক) ক্রিকেট ফেরাতে কাউকে না কাউকে তো সহায়তা করতেই হবে। আমরা প্রথম পদক্ষেপ নিয়েছি, এটা চমৎকার একটা ব্যাপার।’ তামিমের খুশিটাই যেন ধ্বনিত হচ্ছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কণ্ঠেও। সবার কাছেই বড় হয়ে উঠছে একটা ক্রিকেট-পাগল দেশে ক্রিকেট ফেরানোর তৃপ্তি। বিশ্ব একাদশের অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, ‘ক্যারিয়ার শেষে পেছন ফিরে যখন ভাবব, কিছু মানুষের (পাকিস্তানের) জীবনে প্রভাব ফেলতে পেরেছি, ভালোই লাগবে।’
আর সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসই বলেছেন আসল কথাটা। ম্যাচের কিছুক্ষণ আগেই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি টুইট করেছিলেন, ‘আর কয়েক মিনিট পরই জিতে যাবে ক্রিকেট।’
তাই তো, এই সিরিজ দিয়েই তো সন্ত্রাসবাদকে হারিয়ে দিতে চাইছে ক্রিকেট। ক্রিকইনফো, গার্ডিয়ান।