মোহাম্মদ ইরফান ১০ ওভারে ৭৩ রান। আনোয়ার আলী ৯ ওভারে ৭১। রাহাত আলী ১০ ওভারে ৭৪। ইয়াসির শাহ ৮ ওভারে ৭৩। পরশু হাম্বানটোটায় শেষ ওয়ানডেতে পাকিস্তানি বোলারদের অভূতপূর্ব অভিজ্ঞতাই উপহার দিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ওয়ানডেতে এই প্রথম এক ম্যাচে পাকিস্তানের চার বোলার ৭০-এর বেশি রান দিলেন। ওয়ানডে ইতিহাসে চার বোলারের ৭০-এর বেশি রান বিলানোর আরও চারটি উদাহরণ আছে। এই পাঁচটিকেও ছাড়িয়ে অবশ্য ২০০৬ সালের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ম্যাচটি। জোহানেসবার্গের ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকার পাঁচ বোলার ৭০ রানের বেশি দিয়েছিলেন! ৪৩৪ রান করেও যে ম্যাচে জেতা হয়নি অস্ট্রেলিয়ার। প্রোটিয়ারা জিতেছিল সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে। তা গড়তে গিয়ে অগৌরবের একটি রেকর্ডও উপহার দিয়েছিল অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার মিক লুইসকে। ১০ ওভারে ১১৩ রান দিয়ে ওয়ানডেতে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটি এখনো তাঁর।