
হোবার্টের প্রথম টেস্টটা দুদিন আগে শেষ হওয়ায় মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরুর আগে পুরো দুই সপ্তাহ সময় পেয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এই অবসরে অস্ট্রেলীয়রা মেতে ছিল টি-টোয়েন্টি নিয়েই। বিগ ব্যাশে খেলে টেস্টের প্রস্তুতি যে খারাপ হয়নি সেই প্রমাণই অস্ট্রেলীয়রা রাখলেন মেলবোর্ন টেস্টের প্রথম দিনে। ওয়েস্ট ইন্ডিয়ান বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন অস্ট্রেলিয়ার ওপরের দিকের ব্যাটসম্যানরা, ৩ উইকেটেই উঠল ৩৪৫ রান।
উসমান খাজার ব্যাটই ছিল সবচেয়ে বেশি রানপ্রসবা। চোটে পড়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন। কাল খাজা পেয়ে গেলেন টানা তৃতীয় টেস্ট সেঞ্চুরি। ১২ টেস্টের ক্যারিয়ারে খাজার সেঞ্চুরি এই তিনটিই। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া পাকিস্তানি বংশোদ্ভূত ব্যাটসম্যান করেছেন ১৪৪ রান। চোট থেকে ফিরে খেলা বিগ ব্যাশের একমাত্র ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন খাজা।
গত ১৬ বছরের মধ্যে বক্সিং ডেতে কালই সবচেয়ে কম দর্শক দেখেছে মেলবোর্ন (৫৩,৩৮৯)। দর্শক-খরার মধ্যেই সেঞ্চুরি পেয়েছেন দ্বিতীয় উইকেটে খাজার সঙ্গে ২৫৮ রান যোগ করা ওপেনার জো বার্নসও। চা-বিরতির পর বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের এক ওভারেই এক বলের ব্যবধানে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন বার্নস ও খাজা। ওভারের প্রথম বলে ৩ রান, সেঞ্চুরিটা বার্নসই পেয়েছেন আগে। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে খাজাও বার্নসের পথ ধরতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০তম সেঞ্চুরিটা পেয়ে যায় অস্ট্রেলিয়া।
সেঞ্চুরি পেলেন এমন দুই ব্যাটসম্যান যাঁদের একাদশে জায়গা পাওয়া নিয়েই সংশয় ছিল। চোট কাটিয়ে খাজা ফিরতেই মধুর যন্ত্রণায় অস্ট্রেলিয়া। বার্নস-খাজা-শন মার্শ—এই ত্রয়ীর যেকোনো দুজনকেই একাদশে রাখা যেত। অস্ট্রেলিয়া বাদ দিল হোবার্টে প্রথম ম্যাচে ১৮২ রান করা শন মার্শকে। সিদ্ধান্তটা যে ভুল হয়নি, তা তো দেখিয়েই দিলেন বার্ন-খাজারা।
পুরো দিনে ক্যারিবীয়দের সাফল্য বলতে টস জেতা ও ডেভিড ওয়ার্নারকে দ্রুতই ফেরত পাঠানো।
বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে তেড়েফুঁড়েই শুরু করেছিলেন ওয়ার্নার। মুখোমুখি হওয়া প্রথম তিন বলেই চার। ওয়ার্নার অবশ্য বেশি দূর যেতে পারেননি, ফিরেছেন ১২ বলে ২৩ রান করে। এএফপি, ক্রিকইনফো।