খাজা, ম্যাক্সওয়েল, ওয়েড, কার্টরাইট: যাঁর যা 'ওষুধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুয়ারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রতীক্ষিত এই টেস্ট সিরিজে ‘অচেনা’ এক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ। দুই দলের কারও অভিজ্ঞতা নেই একে অপরের বিপক্ষে খেলার। উপমহাদেশে স্মিথ-ওয়ার্নারদের অতীত রেকর্ড আর তাঁদের খেলার ধরন বিশ্লেষণ করেই নামতে হবে মুশফিকদের। পরিসংখ্যান ও বিশেষজ্ঞের পর্যবেক্ষণে অস্ট্রেলিয়া স্কোয়াড তুলে ধরা হবে তিন পর্বে। বিশ্লেষণ করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস। গতকাল অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান নিয়ে বিশ্লেষণ করেছেন। আজ প্রকাশ হলো দ্বিতীয় পর্ব

খাজা, ম্যাক্সওয়েল, ওয়েড, কার্টরাইট। ফাইল ছবি
খাজা, ম্যাক্সওয়েল, ওয়েড, কার্টরাইট। ফাইল ছবি

উসমান খাজা
জানুয়ারির শুরুতেই পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট খেলার পর আর টেস্ট খেলা হয়নি ৩০ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যানের। অথচ ২০১৬-১৭ মৌসুমে ঘরের মাঠে দুর্দান্ত গ্রীষ্ম কেটেছে খাজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ টেস্টে ৫২.৩৩ গড়ে ৩১৪ রান করে ছিলেন সবার ওপরে। পাকিস্তানের বিপক্ষে সমান টেস্টে ৬৬.৭৫ গড়ে ২৬৭ রান। তবুও কেন খাজাকে ভারত সফরে রাখেননি ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকেরা?
২০১৬ সালের জুলাই-আগস্টে শ্রীলঙ্কা সফরটা ভালো যায়নি খাজার। দুই টেস্টে চার ইনিংসে তাঁর রান—২৬, ১৮, ১১ ও ০। উপমহাদেশে পাকিস্তান-বংশোদ্ভূত ব্যাটসম্যানের এই রেকর্ডই নির্বাচকদের নিরুৎসাহিত করেছে ভারত সফরে তাঁকে না রাখতে। সেই খাজা আবার ফিরেছেন উপমহাদেশের আরেক দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। খাজাও যেন ওয়ার্নারের মতো স্পিন-রোগে আক্রান্ত। দেশের মাঠে যেখানে তাঁর গড় ৬৩.৭৩, এশিয়ায় সেটি ১৯.১৬। উপমহাদেশে যে চারটি ইনিংস খেলেছেন প্রতিটিতেই আউট হয়েছেন স্পিনারদের বলে। 

খাজার টেস্ট ক্যারিয়ার

 

ম্যাচ

গড়

১০০

৫০

 

২৩

৪৭.৯৪

৫

৮

দেশে

১৩

৬৩.৭৩

৪

৬

বিদেশে

১০

৩০.২৯

১

২

এশিয়ায়

৪

১৯.১৬

০

০

২০১৭ সাল

১

৯২

০

১

শাহরিয়ারের চোখে খাজা:
‘পাকিস্তানের বিপক্ষে ওদের সর্বশেষ হোম সিরিজে ভালো খেলেও শন মার্শের কাছে মার্চে ভারত সফরে জায়গা হারিয়েছে। খাজা বাংলাদেশে চাপেই থাকবে। এটা আমাদের জন্য বড় সুযোগও। টেকনিক্যালি খুব ভালো ব্যাটসম্যান। স্মিথের মতো খাজাও হ্যান্ড-আই কোঅর্ডিনেশন ওপর নির্ভর করে বেশি। পেস বোলিং খুব ভালো খেলে। তবে স্পিনারদের বিপক্ষে সে এখনো পরীক্ষিত নয়, বিশেষ করে অফ স্পিনে। আমাদের স্পিনাররা ভালো বোলিং করলে এখানে তার সফল হওয়ার সম্ভাবনা কম। ওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মিরাজ।’

গ্লেন ম্যাক্সওয়েল
সীমিত ওভারের ক্রিকেটে বিধ্বংসী এক ব্যাটসম্যান। টেস্টে নিজেকে এখনো প্রমাণ করতে পারেননি। যদিও গত মার্চে রাঁচি টেস্টে পাওয়া সেঞ্চুরি (টেস্টে ওই একটিই সেঞ্চুরি তাঁর) তাঁকে আত্মবিশ্বাসী করবে। কিন্তু ওই সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়া টেস্ট দলে তাঁর জায়গাটা যে পোক্ত নয়, সেটি মানেন ম্যাক্সওয়েল নিজেও। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করার অভিযানে নামা ম্যাক্সওয়েল বাংলাদেশের বিপক্ষে ভয়ংকর হয়ে উঠতে পারেন। রাঁচিতে যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে লম্বা সময় উইকেটে থেকেছেন, বাংলাদেশের বিপক্ষে একই ‘গেম প্লানে’ এগোবেন বলেই জানিয়েছেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। তবে অস্ট্রেলিয়ার বেশির ভাগ ব্যাটসম্যানের মতো তাঁরও আছে ‘স্পিন-রোগ’। এশিয়ায় যে ১০ ইনিংস খেলেছেন প্রতিটিতেই স্পিনারদের শিকার। একটা পরিসংখ্যান বেশ চমকজাগানিয়া, যে পাঁচটি টেস্ট তিনি খেলেছেন প্রতিটি এশিয়ায়। এর মধ্যে ভারতেই চারটি। আইপিএলের সৌজন্যে উপমহাদেশের উইকেট তাঁর কাছে খুব পরিচিত হওয়ায় তাঁকে কাজে লাগাতে চায় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অফ স্পিনটাও নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন স্মিথ।

ম্যাক্সওয়েলের টেস্ট ক্যারিয়ার

 

ম্যাচ

গড়

১০০

৫০

 সামগ্রিক

৫

২৩.৯০

১

০

দেশে

-

-

-

-

বিদেশে

৫

২৩.৯০

১

০

এশিয়ায়

৫

২৩.৯০

১

০

২০১৭ সাল

২

৩৯.৭৫

১

০

শাহরিয়ারের চোখে ম্যাক্সওয়েল:
‘খুব ভয়ংকর ব্যাটসম্যান। ২২ গজে সবই করতে পারে। অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড়েরা তাকে পরামর্শ দিয়েছে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে মনোযোগী হতে। বাংলাদেশের মাথাব্যথার কারণ হতে পারে। ন্যাচারাল স্ট্রোক মেকার। নিজের দিনে যেকোনো বোলিং একাই ধ্বংস করে দিতে পারে। আইপিএলের সৌজন্যে তার উপমহাদেশে খেলার অভ্যাস আছে। ভারতের বিপক্ষে (রাঁচি টেস্টে) গত মার্চে একটা সেঞ্চুরি পাওয়ায় আত্মবিশ্বাসটা এখন ভালো থাকবে। সে পাওয়ারফুল হিটার হলেও স্পিনারদের বিপক্ষে অতটা পরীক্ষিত নয়। খুব কষ্ট করে খেলার মানসিকতা কম। তাড়াতাড়ি রান তোলায় বেশি মনোযোগী। স্পিনে দুর্বল বলে স্পিনারদের ভড়কে দিতে আক্রমণের চেষ্টা করতে পারে।’

ম্যাথু ওয়েড
তিন বছরে লম্বা বিরতি দিয়ে গত বছরের শেষ দিকে ফিরেছেন অস্ট্রেলিয়া টেস্ট দলে। তবে ফেরার পর যে ৮ টেস্ট খেলেছেন, এখনো পাননি তিন অঙ্কের দেখা। তবে গত মার্চে ধর্মশালায় ভারত সফরের শেষ টেস্টে পেয়েছেন ফিফটি। স্পিনারদের বিপক্ষে তাঁর দুর্বলতা স্পষ্ট। উপমহাদেশে যে ১৪ ইনিংস খেলেছেন, এর ১০টিতেই তাঁর উইকেট পেয়েছেন স্পিনাররা। এর মধ্যে অশ্বিনই পেয়েছেন চারবার। যেহেতু সাত-আটে নামেন, অপরাজিত থাকার সুযোগ থাকে।


ওয়েডের টেস্ট ক্যারিয়ার

 

ম্যাচ

গড়

১০০

৫০

সামগ্রিক

২০

৩১.০৩

২

৪

দেশে

১০

৩২.৯০

১

২

বিদেশে

১০

২৯.৮২

১

২

এশিয়ায়

৭

২৫.৭৫

০

২

২০১৭ সাল

৫

৩২.১৪

০

১

শাহরিয়ারের চোখে ম্যাথু ওয়েড:
‘পেস বোলিং ভালো খেলে। কিন্তু স্পিনারদের বিপক্ষে তাকে যথেষ্ট ভুগতে দেখা গেছে। বিশেষ করে অফ স্পিনে। যদিও সে সুইপ শট খেলে। কিন্তু সেটা অতটা নিখুঁত নয়। যদি ছয়-সাতে নামে, দলের টেল এন্ডারদের নিয়ে এগোতে হবে তাকে। ওয়েডকে সহজেই রান করতে দেওয়া যাবে না। মিরাজ-সাকিব ধারাবাহিক ভালো বোলিং করলে ওয়েডের উইকেট নেওয়া কঠিন হবে না।’

হিল্টন কার্টরাইট
গত জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে তাঁর অভিষেক। অভিষেক টেস্ট যদিও রাঙাতে পারেননি জিম্বাবুইয়ের বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। করেছেন ৩৭ রান। উইকেটও পাননি। এখনো পর্যন্ত ওই একটি মাত্র টেস্টই খেলেছেন কার্টরাইট। তবে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে যে তাঁর লম্বা ইনিংস খেলার সামর্থ্য আছে সেটি গত শেফিল্ড শিল্ডেই দেখা গেছে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর সর্বশেষ চারটি ইনিংস ৭০, ১৭০*, ১৪ ও ১০১। বাংলাদেশে আসার আগে ডারউইনে যে নিচু ও মন্থর উইকেটে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া, সেখানে ভালো করেছেন। প্রথম দিনেই করেছেন ৮১ রান। পেস ও স্পিনের বিপক্ষে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানকে বেশ আত্মবিশ্বাসী দেখা গেছে প্রস্তুতি ম্যাচে। ক্লোজ-ইন ফিল্ডিংয়ে দুর্দান্ত।

শাহরিয়ারের চোখে কার্টরাইট:
‘অস্ট্রেলিয়া যদি দুই স্পিনার নিয়ে খেলে তৃতীয় স্পিনার হিসেবে তাঁকে ব্যবহার করতে পারে। ম্যাক্সওয়েলের সঙ্গে ওকে প্রতিদ্বন্দ্বিতা করতে হতে পারে। তরুণ এই অলরাউন্ডার পেস ও শর্ট বোলিংয়ের বিপক্ষে খুব ভালো। তবে ওর বিপক্ষে বল সুইং করলে বিপাকে পড়তে পারে।’