
ট্রেন্ট বোল্টের ‘দরকার’ ছিল ১০, মার্ক ক্রেগের ৪। ব্রিসবেন টেস্টের প্রথম দিনেই তাহলে চারজনের ‘সেঞ্চুরি’ হয়ে যেত। স্কোরবোর্ডেও অবশ্য একটুর জন্য ‘চার সেঞ্চুরি’ হলো না। নিউজিল্যান্ডের বোলারদের ‘নির্যাতন’ করে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ওভারে সাড়ে চারের কাছাকাছি রান তুলে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩৮৯।
মাত্রই চোট কাটিয়ে ফেরা ওয়ার্নার করেছেন ১৬৩। এর আগে ১৭ ইনিংস খেলেও কেন সেঞ্চুরি পাননি, সেই বিস্ময়ের আপাতসমাধান এবার দিলেন খাজা। অভিষেকের পাঁচ বছরের মাথায় এসে দেখা পেলেন প্রথম সেঞ্চুরির। ১০২ রানে অপরাজিত পাকিস্তানে জন্ম নেওয়া এই বাঁহাতি। ‘সেঞ্চুরিবঞ্চিত’ বাকি দুজন যে বোলার, তা বলে না দিলেও চলছে। তবে বোল্ট আর ক্রেগ দাবি করতে পারেন, ‘আমরাই সবচেয়ে মার খেয়েছি, কে বলল? মার খায়নি কে!’
৪৮ চার ও তিন ছক্কা। শুধু যে বাউন্ডারির স্রোতে রান উঠেছে, তা কিন্তু নয়। ২১০-এর জোগান যদি বাউন্ডারি থেকে আসে, ১৭৯ আবার এসেছে সিঙ্গেলসের ওপর। রানের চাকা সব সময়ই সচল রেখেছিল অস্ট্রেলিয়া। আর তাতেই গ্যাবায় প্রথম দিনে সবচেয়ে বেশি রান ওঠার রেকর্ড হয়ে গেল।
এমনিতে টেস্টে এক দিনে ৪০০-এর বেশি রান ওঠার রেকর্ড বিরল নয়। ম্যাচের প্রথম দিনেও ৪০০ কিংবা এর বেশি রান উঠেছে ৩৮ বার। এর মধ্যে ১৪ বারই ২০০০ সালের পর, সেটিও এখনকার ক্রিকেটের আক্রমণাত্মক চরিত্র ফুটিয়ে তুলছে। আর উইকেটে যদি থাকেন ওয়ার্নারের মতো কেউ, রানের স্রোতে বাঁধ দেওয়া প্রতিপক্ষের জন্য কঠিনই।
আজও ওয়ার্নার প্রথমে জো বার্নসকে নিয়ে প্রতিবেশীদের পোড়ালেন, এর পর খাজাকে নিয়ে আরও একটি ১৫০ পেরোনো জুটি। ১ উইকেটেই ৩১১ তুলে ‘নতুন যুগের’ ঘোষণাটা দৃঢ়তার সঙ্গেই দিল অস্ট্রেলিয়া। ১৯৮৫ সালের পর তাসমান পাড়ের প্রতিদ্বন্দ্বী দেশটিতে সিরিজ জয়ের স্বপ্ন প্রথম দিনেই ধাক্কা খেল কিউইদের।
ওয়ার্নারের বাড়তি ‘দায়িত্ব’ ছিল। কথার লড়াইটাও যে শুরু করে দিয়েছিলেন তিনিই। তা ছাড়া গত অ্যাশেজটা ভালো কাটেনি। দশ মাস আর ১৪ ইনিংস পর পেলেন সেঞ্চুরি। ১৯ চার ও এক ছক্কার ইনিংসটিতে খেলেছেন ২২৪ বল। এই প্রথম ২০০ বলের কোনো ইনিংস খেলে মনোযোগের ধার বাড়ার বার্তাও দিয়ে রাখলেন। একই সঙ্গে ত্রয়োদশ সেঞ্চুরি নিয়ে অস্ট্রেলীয় ওপেনারদের সেঞ্চুরির তালিকায় উঠে এলেন সেরা পাঁচে, ৩০ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে থাকা ম্যাথু হেইডেন অবশ্য দূরের বাতিঘর।
অস্ট্রেলিয়াকেও অনেকটা পথ হাঁটতে হবে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা খাজা কত দূর টেনে নিতে পারেন সেটাই দেখার। গত তিন-চার বছরে নিজেই যেন নিজের ওপর আস্থা রাখতে পারছিলেন না খাজা, ‘এটা আমার জীবনের সবচেয়ে বড় আবেগময় মুক্তি। সারা জীবনই অস্ট্রেলিয়ার হয়ে একটা সেঞ্চুরির স্বপ্ন দেখে এসেছি। গত তিন-চার বছরে তো এমনও মনে হয়েছে, স্বপ্নটা হয়তো সত্যি হবে না। সেটি সত্যি হওয়ায় বাড়তি আবেগতাড়িতই তো হয়েছিলাম, এটারই যে স্বপ্ন দেখে এসেছি এত দিন।
দুজন শৈশবের বন্ধু। এত দিন পর এমন দাপুটে একটা ইনিংস খেলেও নিজের চেয়ে খাজাকে নিয়েই যেন বেশি গর্ব হচ্ছে সহ-অধিনায়ক ওয়ার্নারের, ‘এর চেয়ে বেশি গর্ব আর কী হতে পারে। ছোটবেলার বন্ধু হিসেবে একসঙ্গে বেড়ে উঠেছি বলেই জানি, এই সেঞ্চুরির মূল্য ওর কাছে কত বেশি!’
দুজনকে ব্রিসবেন আরও একটা বিন্দুতে মিলিয়ে দিল। এ মাঠেই টেস্ট অভিষেক হয়েছিল ওয়ার্নারের, খাজা এ মাঠেই পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। গ্যাবাকে দুজন ভুলবেন না কোনো দিনই।
তবে নিউজিল্যান্ড চাইবে, দুঃস্বপ্নের প্রথম দিনটা দ্রুত ভুলে গিয়ে নতুন করে শুরু করতে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস টু।