খাজার দিনে এগিয়ে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এত এত রিচি বেনো! মাথায় নকল সাদা চুল, হাতে মাইক্রোফোন—অস্ট্রেলিয়ান কিংবদন্তির সাজে মাঠে এল তাঁর ভক্তগোষ্ঠী ‘দ্য রিচিস’। কাল অ্যাডিলেডে, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টে l এএফপি
এত এত রিচি বেনো! মাথায় নকল সাদা চুল, হাতে মাইক্রোফোন—অস্ট্রেলিয়ান কিংবদন্তির সাজে মাঠে এল তাঁর ভক্তগোষ্ঠী ‘দ্য রিচিস’। কাল অ্যাডিলেডে, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টে l এএফপি

বাজি ধরতে পারেন, উসমান খাজা নিজেও এতটা আশা করেননি!
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৩৮ রানে অপরাজিত খাজা। এই বাঁহাতি ব্যাটসম্যানের কল্যাণে ৬ উইকেটে ৩০৭ রান তুলে ফেলেছে স্বাগতিক দল। ফাফ ডু প্লেসির ইনিংস ঘোষণার সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ৪৮ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।

.
.

পরশু বিকেলে আচমকা যখন ব্যাটিং করতে নেমেছেন, তখন কোনোমতে সন্ধ্যাটা পার করে আসাই ছিল খাজার মূল লক্ষ্য। টেস্টে যে এই প্রথম উদ্বোধন করতে নেমেছেন। কারণটাও জানা, প্রথম শ্রেণির ক্যারিয়ারে এর আগে ৮ বার দলের ইনিংস শুরু করেছেন। সর্বোচ্চ ২৮ রান, সব মিলিয়ে ৮ ইনিংসে ৯৯ রান! সেই খাজা টেস্টে প্রথমবার ওপেন করতে নেমেই করলেন সেঞ্চুরি!
নামলেন আর জয় করলেন—এমন ইনিংস ছিল না এটি। পরশু ৩ রান করতেই ৩৯ বল খেলে ফেলেছিলেন। কালও খোলস ভেঙে বেরোতে অনেক সময় নিলেন। ৫৯ বল খেলার পরও নামের পাশে ছিল মাত্র ৮ রান! এর আগেই ডিন এলগারের দুর্দান্ত এক ক্যাচে আউট হয়ে ফিরেছেন অভিষিক্ত ম্যাট রেনশ। ২১তম ওভারে প্রথম চার মেরে একটু খোলস ভেঙে বেরোলেন, পরের ওভারেই আউট ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়াকে আবারও পেয়ে বসে শঙ্কা।
সব দুশ্চিন্তা দূর হয়ে যায় খাজা ও অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাটে। ১৩৭ রানের জুটিতে প্রথমবারের মতো সিরিজে ব্যাকফুটে যেতে হলো দক্ষিণ আফ্রিকার বোলারদের। কবজির দারুণ ব্যবহারে একের পর দুর্দান্ত শট খেললেন দুজন। কিন্তু এরপরই একটা ধাক্কা, ভুল-বোঝাবুঝিতে স্মিথ রানআউট। এরপরও বিপদে পড়েনি অস্ট্রেলিয়া। আরেক অভিষিক্ত পিটার হ্যান্ডসকম্বের মধ্যে যথার্থ এক সঙ্গী খুঁজে পেলেন খাজা। দুজনে মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৯৯ রান। কাইল অ্যাবটের দুর্দান্ত এক বলে বোল্ড হ্যান্ডসকম্ব; একটু পরে শূন্য হাতে ফেরেন তৃতীয় অভিষিক্ত নিক ম্যাডিনসন।
৩ বছর পর টেস্ট খেলতে নেমে ব্যর্থ হয়েছেন ম্যাথু ওয়েডও। পরপর চার বলে তাঁকে রীতিমতো নাচিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন ভারনন ফিল্যান্ডার।
তবু দিনটা যে এগিয়ে থেকে শেষ করল অস্ট্রেলিয়া, সে কৃতিত্ব খাজা ও মিচেল স্টার্কের। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ২৪ রান জুড়ে দলকে তিন শ পার করেছে এ জুটি। এএফপি, রয়টার্স।