খালেদ আহমেদের বয়স যেভাবে '১১৯' হয়...
>

আইপিএল-বিগ ব্যাশের সম্প্রচার যেমন ঝা চকচকে বিপিএল সেখানে যোজন যোজন পিছিয়ে। বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের অংশগ্রহণে টুর্নামেন্টের চাকচিক্য যখন ক্রমেই বাড়ছে, সম্প্রচারের বিষয়টা ঠিক উল্টো।
আজ তৌহিদ হৃদয়ের বিপক্ষে শহীদ আফ্রিদির আবেদনটা ঠিক এলবিডব্লু না কট বিহাইন্ডের, শুরুতে বোঝা গেল না। আম্পায়ার তাঁর জোরালো আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ নিলেন কুমিল্লার পাকিস্তানি অলরাউন্ডার। বিপিএলে প্রথমবারের মতো ডিআরএস যোগ হয়েছে, প্রতিটি দলের তাই সুযোগ আছে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পাওয়ার!
কিন্তু ডিআরএসে পুরোপুরি আস্থা রাখা যে কঠিন! আফ্রিদির বলটা হৃদয়ের ব্যাটের কানায় লেগেছে কি না, সেটি দেখতে ‘স্লো মোশন’ আর ‘অডিও’ ছাড়া কোনো উপায় নেই। অথচ ‘স্নিকোমিটার’ বা ‘আল্ট্রাএজ’ থাকলে এ সমস্যায় পড়তে হয় না। আল্ট্রা এজই নেই বিপিএলের ডিআরএসে। টিভি আম্পায়ারকে শেষ পর্যন্ত নিজের চোখ আর কানের ওপর ভরসা রেখে সিদ্ধান্ত দিতে হচ্ছে। আজ আফ্রিদির বলে সিলেটের হৃদয় ফিরেছেন এভাবেই। কুমিল্লার ইনিংসে আল আমিন হোসেনের বলে স্টিভ স্মিথের আউটটিও দেয়া হয়েছে স্লো মোশন আর অডিও ব্যবহার করেই।
কালকের দুই ম্যাচেও একাধিকবার ঘটেছে এ ঘটনা। বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আল্ট্রা মোশনে সমস্যার সমাধান না হলে শিগগির যোগ হবে আল্ট্রা এজ, ‘হক আই, আল্ট্রা মোশন আছে, শুধু আল্ট্রা এজটা নেই। আমরা ওদের (সম্প্রচার কর্তৃপক্ষ) বলেছি। ওরা বলেছে স্লো মোশন করে দেখছে। সেটি দিয়ে যদি কাভার না করে তবে তারা আল্ট্রা এজের ব্যবস্থা করবে।’
আল্ট্রা এজ যদি যোগ হয়ও বিপিএলের প্রডাকশন কি আকর্ষণীয় হবে? এবার প্রডাকশনের কাজটা করছে ভারতীয় প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্ট। প্রথম দিনেই নানা ভুল-ভ্রান্তি আর নিম্ন মানের সম্প্রচার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে ট্রল। সবচেয়ে বড় হাসাহাসিটা হয়েছে কাল খালেদ আহমেদের বয়স নিয়ে। গ্রাফিকসের ভুলে চিটাগং পেসারের বয়স দেখানো হয়েছে ‘১১৯’! গ্রাফিকসের ভুলে স্কোরও দেখিয়েছে উল্টাপাল্টা। কাল যেমন রাজশাহী কিংসের দরকার ৬৬ বলে ১৩৪, অথচ টিভিতে দেখানো হচ্ছে ৬০ বলে দরকার ১৩৪! গ্রাফিকসে ভুল যেন না হয়, সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানকে সতর্ক করবেন বলে জানালেন জালাল ইউনুস, ‘নতুন দায়িত্ব দিয়েছি ওদের। এক-দুই দিন গেলে ঠিক হয়ে যাবে আশা করি। ওদের আমরা বলব।’
আইপিএল-বিগ ব্যাশের সম্প্রচার যেমন ঝা চকচকে, নিত্য নতুন প্রযুক্তির সংযোজনে ভীষণ আকর্ষণীয়। বিপিএল সেখানে যোজন যোজন পিছিয়ে। বিশ্বের বড় বড় ক্রিকেট তারকাদের অংশগ্রহণে টুর্নামেন্টের চাকচিক্য যখন ক্রমেই বাড়ছে, সম্প্রচারের বিষয়টা ঠিক উল্টো। ডিআরএস-গ্রাফিক্সেই শুধু গলদ নয়, প্রশ্ন আছে ম্যাচ-কেন্দ্রিক অনুষ্ঠানগুলোর মান নিয়ে। প্রশ্ন আছে ধারাভাষ্য নিয়েও। এবার বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন টিনো বেস্ট, ভুসি সিবান্দা, সিকান্দার বখত, শামীম চৌধুরী, ইশতিয়াক আহমেদ ও আতহার আলী খান। জালাল ইউনুস বললেন, সম্প্রচার উন্নয়নে তাঁরা চেষ্টা করছেন। সেটিরই অংশ হিসেবে টুর্নামেন্টের শেষ দিকে কিংবা ফাইনালে আনতে চাইছেন তারকা ধারাভাষ্যকার, ‘ধারাভাষ্যকর প্যানেলে ড্যানি মরিসন যোগ হবে। শেষ দিকে সঞ্জয় মাঞ্জেরাকার বা সুনীল গাভাস্কারকে নিয়ে আসার পরিকল্পনা আছে। হয়েছে কী, ভালো ধারাভাষ্যকারদের অনেকে আসতে চায় না, আবার কখনো কখনো নানা সমস্যার কারণে আনা যায় না। ওরা আমাদের মতামত (প্রডাকশনের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান) জানতে চেয়েছে। আমরা জানাব। মাত্র শুরু হয়েছে। কদিন যাক। আমরা চেষ্টা করছি।’
তা না হয় হলো। কিন্তু ম্যাচ চলার সময় ঘন ঘন প্রেসিডেন্ট বক্সের অতিথিদের দেখানোর প্রবণতা কি বন্ধ হবে? প্রডাকশন টিমের কাছে না কি বারবার অনুরোধ আসে, প্রেসিডেন্ট বক্সের অতিথিদের ঘনঘন দেখানোর। কিন্তু তাঁরা কি উপলব্ধি করতে পারেন, দর্শকেরা এতে ভীষণ বিরক্ত হয়!