খিস্তি দিয়ে আক্কেল সেলামি

অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে শেন ওয়াটসন এবং ওয়াহাব রিয়াজের মধ্যেকার লড়াইটা নিশ্চয় চোখে পড়েছে। শুধু কালকের ম্যাচেরই নয়, এই বিশ্বকাপেরই একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এটি। রিয়াজের ব্যাটিংয়ের সময় মিচেল স্টার্ক-ওয়াটসনদের কথার বাণ বিদ্ধ করেছিল তাঁকে। বেশ কয়েক বার স্লেজিংয়ের শিকারও হন রিয়াজ। পরে আবার বল হাতে এর মোক্ষম জবাব দেন তিনি। ওয়াটসনের প্রতি ছুড়ে দেন একের পর এক দুর্দান্ত বল। যা বেশ ভুগিয়েছিল ওয়াটসনকেও। মুখেও পাল্টা জবাব দিয়েছেন। তবে লড়াইটা ব্যাট-বলের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় হস্তক্ষেপ করতে হয়েছে আইসিসিকে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা গুনতে হচ্ছে এই দুই খেলোয়াড়কেই।
জরিমানার অঙ্কটা অবশ্য বেশি গুনতে হচ্ছে রিয়াজকেই। ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর। ওয়াটসনের জরিমানা হয়েছে ম্যাচ ফির ১৫ শতাংশ। দুজনের বিরুদ্ধেই আচরণবিধি ভঙ্গের অভিযোগ একই থাকলেও, রিয়াজের বিরুদ্ধে বাড়তি অভিযোগ তিনি বেশ কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন যেগুলো শ্লীলতা ক্ষুণ্ন করে। শুক্রবার রাতে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে ‘দুজন খেলোয়াড়ই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং শাস্তি মেনে নিয়েছেন।’ সূত্র: এএফপি