খুব কাছে গিয়ে হারল গাজী ক্রিকেটার্স

প্রিমিয়ার ক্রিকেট লিগে আরও একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিল শেষ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে গড়ানো এই ম্যাচে ৪ রানে জয় পেয়েছে শেষ জামাল। লাভ হয়নি আগের দিন মোহাম্মদ শরীফের হ্যাটট্রিকেও।
গতকাল বৃষ্টির কারণে ৩৮ ওভারে নির্ধারিত ম্যাচে শেষ জামালের ইনিংস ১৬৮ রানে থেমে গেলেও দ্বিতীয় দফার বৃষ্টি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের লক্ষ্য নির্ধারিত হয় ১৯৬। গাজীর ইনিংস শেষ হয়েছে ১৯১ রানে।
আজ বৃহস্পতিবার রিজার্ভ ডেতে জয়ের খুব কাছাকাছি গিয়েও পারল না গাজী গ্রুপ ক্রিকেটার্স। এনামুল হক ৫৩ রান করেন। ফরহাদ হোসেনের আরও একটি ৫৩ রানের ইনিংস গাজী গ্রুপকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু ৩৭.৫ ওভারে মাহমুদউল্লাহর বলে সোহাগ গাজীর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে তাঁকে। শেষ ওভারে ৬ রান তুলে ফেলার পর মাহমুদউল্লাহর শেষ বলটিতে বাউন্ডারির জন্য মেরেছিলেন ফরহাদ। কিন্তু খাটো লেংথের বলটিতে টাইমিংটা ঠিকমতো না হওয়াতেই তা চলে যায় সোহাগের হাতে।
গতকাল বিকেলের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান নিয়ে আজ খেলা শুরুর পর শুরুতেই অলক কাপালির উইকেট হারায় গাজী। কাপালি আগের দিনের সংগ্রহের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ২ রান। ওয়াহিদুল আলমের বলে উইকেপরক্ষক জাবিদ হোসেনের হাতে স্টাম্পড হন তিনি। এনামুল ৬৯ বলে ৩টি চার ও একটি ছয়ে করেন ৫৩। ফরহাদ হোসেন ৪৯ বলে ৬ চারে সাজান নিজের ইনিংস। ফারুক হোসেনের ২৩ বলে ২২ রানের ইনিংসে ছিল ২টি বিশাল ছক্কা।
শেখ জামালের সেরা বোলার ছিলেন মুকতার আলী। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছেন এই ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার। ২টি করে উইকেট নিয়েছেন ওয়াহিদুল আলম ও আরাফাত সানি। শেষ ওভারের শেষ বলে ফরহাদ হোসেনকে আউট করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি ওই মাহমুদউল্লাহরই।