খুব রেগেছেন মঈনের বাবা
কেউ বর্ণবাদী আচরণ করলে সেটাও নাকি ইতিবাচকভাবে নিতে হবে! ইংলিশ স্পিনার মঈন আলীকে এমন উদ্ভট পরামর্শ দিয়ে এখন বেশ বিপাকে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটার সংস্থার (পিসিএ) প্রধান অ্যাঙ্গাস পর্টার। তবে দুই দিনের মাথায় সুর বদলে এখন বলছেন, তিনি নিজের বক্তব্য ঠিকমতো বোঝাতে পারেননি। তাঁর অবস্থানও বর্ণবাদের বিরুদ্ধে এবং মঈনের সঙ্গে বার্মিংহামের দর্শকেরা যেটা করেছে সেটা অগ্রহণযোগ্য।
যে বার্মিংহাম শহরে তাঁর জন্ম, গত রোববার সেখানেই খেলতে নেমেছিলেন মঈন। আর শুধু তিনি কেন, তাঁর বাবারও তো নাড়ি পোঁতা এই শহরে। ঘরের ছেলেকে শহরের দর্শকেরা ভালোবেসে বরণ করে নেবে, এমন প্রত্যাশা থাকাই স্বাভাবিক। কিন্তু হলো উল্টোটা। বার্মিংহামেই ভারত-ইল্যান্ড একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দর্শকদের বিদ্রূপাত্মক আচরণের শিকার হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ স্পিনার।
সেদিনের ঘটনার পর দর্শকদের বিদ্রূপকে ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখার কথা বলেছিলেন অ্যাঙ্গাস পর্টার। তবে পরশু এক বিবৃতিতে পিসিএ-প্রধান বলেছেন, ‘মঈনকে উত্ত্যক্ত করাটা বর্ণবাদী আচরণ এবং এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। তবে আমি আমার আগের মন্তব্যটা করেছিলাম পরিস্থিতি শান্ত করার জন্য।’
এদিকে মঈনের বাবা মুনির আলী অভিযোগ করেছেন, স্রেফ ধর্মীয় পরিচয়ের কারণেই তাঁর সন্তান এভাবে বিদ্রূপের শিকার, ‘ভেবেছিলাম ওকে উষ্ণ অভ্যর্থনাই দেওয়া হবে। অথচ এর বদলে শুরু থেকে ওকে উত্ত্যক্ত করা হলো। ওকে উত্ত্যক্ত করা হয়েছে—কারণ ও মুসলিম। কারণ ও পাকিস্তানি বংশোদ্ভূত। এটা লজ্জাজনক।’
ইঙ্গিতটা উগ্র ভারতীয় সমর্থকদের দিকে। এমন আচরণ করে তাঁরা নিজেদের দল আর দেশকেও অপমান করেছে বলেই মনে করেন মঈনের বাবা, ‘কয়েক মাস ধরে আমরা সব সম্প্রদায় মিলেমিশে কী দারুণ সময়ই না কাটাচ্ছিলাম। ভারতীয়, ব্রিটিশ, পাকিস্তানি সবাই মিলে। কিন্তু কিছু দর্শক এমন আচরণ করে তাদের দলকেই লজ্জা দিল। যুক্তরাজ্যে এশীয় সম্প্রদায়ের মধ্যে এমন বর্ণবাদী আচরণের সমস্যা এখনো থেকে গেছে।’
এমন আচরণে দুঃখ পেয়েছেন মঈন নিজেও। বিষয়টি নিয়ে এক দর্শক স্বপ্রণোদিত হয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও কোনো মামলা হয়নি। মঈনের বাবার দাবি, যা হয়ে গেছে সেটা ভুলে যেতে চান তাঁর ছেলে। বিষয়টি নিয়ে বেশি নাড়াচাড়া করতে চান না। শুধু অনুরোধ করেছেন, এর পর থেকে যেন তাঁকে শান্তিতে খেলতে দেওয়া হয়। এএফপি, ক্রিকইনফো।