খুব 'টেনশন' হচ্ছিল তামিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে ছেলে ঘরেই! ফাইল ছবি
ঘরে ছেলে ঘরেই! ফাইল ছবি

এক নম্বরে রংপুর রাইডার্স। দুই নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ানস। না, এই দুই ফ্র্যাঞ্চাইজি কোনো টেনশনই দিতে পারেনি তামিম ইকবালকে। কিন্তু লটারিতে তৃতীয় হওয়া বরিশাল বুলস দুশ্চিন্তায় ফেলে দিল। যদি দলটা আইকন খেলোয়াড় হিসেবে তাঁকেই নিয়ে নেয়!
‘আমি মোটামুটি একটা ধারণা করে নিয়েছিলাম কোন ফ্র্যাঞ্চাইজি কাকে ডাকতে পারে। প্রথম ও দ্বিতীয় দল আমাকে ডাকবে না বলেই মনে হচ্ছিল। তবে টেলিভিশনে প্লেয়ারস ড্রাফট দেখার সময় তিন নম্বর দল নিয়ে টেনশনে ছিলাম’—মুঠোফোনে বলছিলেন তামিম।
কিন্তু পছন্দের তালিকায় সবার শীর্ষে থাকবেন, এটাই তো প্রত্যাশা হওয়া উচিত একজন খেলোয়াড়ের! তাহলে তামিম কেন এড়িয়ে যেতে চাচ্ছিলেন লটারিতে জেতা প্রথম তিন দলকে? কারণটা অনুমান করতে অসুবিধা হওয়ার কথা নয়। চতুর্থ দল যে ছিল তামিমের শহর চট্টগ্রামের চিটাগং ভাইকিংস!
পেশাদার ক্রিকেটাররা যেকোনো দলের হয়েই নিজের সেরাটা দিতে চান। অন্য দলে গেলে তামিমও হয়তো সেটাই চেষ্টা করতেন। তার পরও নিজের অঞ্চলের দলে খেলতে কে না চায়! তামিমও মনে প্রাণে চেয়েছেন তা, ‘এর আগে কখনো এ রকম লাগেনি...তবে এবার খুব করে চাচ্ছিলাম চট্টগ্রামের দলই যেন ডাকে আমাকে। আমি চট্টগ্রামের ছেলে, চট্টগ্রামের হয়ে খেলাটা আমার জন্য সব সময়ই বিশেষ কিছু।’ লটারির প্রথম তিন দল না ডাকায় সে কারণেই দুঃখিত নন তিনি। হাসতে হাসতে বলছিলেন, ‘প্রথম তিন দল আমাকে না ডাকায় কষ্ট পাইনি। কারণ আমি চট্টগ্রামের হয়ে খেলার জন্য অপেক্ষা করছিলাম এবং তারাই আমাকে ডেকেছে।’
গত বিপিএলে চিটগং কিংসের হয়ে খেলে খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি তামিমের। সম্পর্কের টানাপোড়েন ছিল মালিকপক্ষের সঙ্গে। এবার সেটা হবে না বলে বিশ্বাস জাতীয় দলের এই বাঁহাতি ওপেনারের, ‘ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষের লোকজনের সঙ্গে দু-একবার দেখা হয়েছে। খুবই ভালো মানুষ মনে হয়েছে তাদের। আশা করি চট্টগ্রামের হয়ে খেলে এবার ভালো অভিজ্ঞতাই হবে।’