
খুররম মনজুরকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেওয়াটা নাকি একটা জুয়া ছিল। এমনটাই বলেছিলেন প্রধান নির্বাচক হারুন রশিদ। কিন্তু এশিয়া কাপে জুয়ার দান উল্টে যাওয়ায় তাঁকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে আহমেদ শেহজাদকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খুররমের পারফরম্যান্স ছিল যথেষ্ট ভালো। ১০ ম্যাচ খেলে ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে রান করেছিলেন ২৯০। ভালো খেলার পুরস্কারস্বরূপই ঢুকেছিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে। কিন্তু এশিয়া কাপে তাঁর বাজে পারফরম্যান্স দেখেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলেন নির্বাচকেরা।
খুররম ও শেহজাদকে নিয়ে এমন ‘লুকোচুরি’ খেলার জন্য দুঃখ প্রকাশ করেছেন হারুন রশিদ। বলেছেন, এ ঘটনার পুরো দায় তাঁর, ‘মানছি এটা ভুল সিদ্ধান্ত। খুররম ঘরোয়া ক্রিকেটে ভালো করায় ওকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু এ ক্ষেত্রে তার দায়িত্ব ছিল নিজের পারফরম্যান্স দিয়েই আমাদের এ সিদ্ধান্তকে সম্মান জানানো। কিন্তু সে সেটা করতে পারেনি। ওকে নিয়ে খেলা জুয়াটা কাজে আসেনি।’ ক্রিকইনফো।