খুলনা টাইটানসের কোচ জয়াবর্ধনে

এই কদিন আগে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের কোচ। কোচিংয়ে প্রথম দায়িত্ব নিয়েই দারুণ সফল মাহেলা জয়াবর্ধন, মুম্বাইকে জিতিয়েছেন আইপিএলের তৃতীয় শিরোপা। শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তিকে কোচ হিসেবে দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। আগামী দুই আসরের জন্য খুলনা টাইটানসের কোচ হচ্ছেন জয়াবর্ধনে।
‘বিপিএলে পরের দুই মৌসুমের জন্য মাহেলা জয়াবর্ধনেকে (খুলনা) টাইটানসের প্রধান কোচ হিসেবে পেয়ে আমরা খুশি। মুম্বাই ইন্ডিয়ানসের কোচ হিসেবে তাঁকে আইপিএল জিততে দেখে রোমাঞ্চিত হয়েছি আমরা। আশা করছি, টাইটানসে সবাই তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে পারব, আর টুর্নামেন্টটিও তাঁর উপস্থিতিতে অনেক সমৃদ্ধ হবে’—গতকাল বিবৃতিতে জানিয়েছেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ।
গত মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছেন জয়াবর্ধনে। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের বিপিএলে স্টুয়ার্ট ল-র স্থলাভিষিক্ত হয়ে থাকবেন খুলনার ডাগআউটে। ৩৭ বছর শ্রীলঙ্কান নিজেও রোমাঞ্চিত, গতবার দ্বিতীয় কোয়ালিফায়ারে বাদ পড়া খুলনাকে আরও ভালো কিছু দেওয়ার আশা তাঁর, ‘গত বছর বিপিএলে খেলাটা উপভোগ করেছি। সেখান থেকেই বুঝতে পারি ২০১৭ সালের টুর্নামেন্টে সফল হতে কী লাগবে।’ এএফপি।