খুলনা টাইটানসের লোগো উন্মোচন
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিল না খুলনা। এবার তারা ফিরেছে। খুলনা টাইটানস নামের ফ্র্যাঞ্চাইজি দলটি কাল আনুষ্ঠানিকভাবে দলের লোগো উন্মোচন করেছে। দলের অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে।
জেমকন গ্রুপের পরিচালক আমিনা আহমেদের হাতে উন্মোচিত হয় দলের লোগো। দলের ম্যানেজমেন্টের সঙ্গে এর আগেই পরিচয় করিয়ে দেন কাজী ইনাম আহমেদ। টিম ম্যানেজার চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল অগ্রজ নাফিস ইকবাল, স্থানীয় কোচ কাজী ইমদাদুল বাশার আর স্টুয়ার্ট ল বিদেশি কোচ। দলের উপদেষ্টা হাবিবুল বাশার।
নতুন দলে আকর্ষণীয় ক্রিকেট উপহার দিতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘খুব ভালো লাগছে খুলনা টাইটানসের অংশ হতে পেরে। ইতিবাচক, আকর্ষণীয় ক্রিকেট খেলব। আর আসল টাইটান হিসেবে খুলনার বাশার ভাই তো আছেনই। আশা করি, খুব ভালো একটা দল হবে।’
জেমকন গ্রুপের পরিচালক ইনাম আহমেদ অবশ্য শুধু বিপিএল নয়, খুলনার ক্রিকেট নিয়েই মহাপরিকল্পনা করছেন, ‘খুলনাকে আবারও বিপিএলে ফেরাতে পেরে খুব খুশি। বর্তমান চুক্তি তিন বছরের জন্য হলেও আমরা ১০ বছরের পরিকল্পনা নিয়ে এসেছি।’
এর আগেও এমন আশা দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। দেখা যাক এবার সে প্রতিজ্ঞা পূরণ করতে পারে কি না খুলনা টাইটানস।