খুলনা না রংপুর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জিতবে এবারের জাতীয় লিগ—খুলনা না রংপুর বিভাগ? আজ লিগের শেষ দিনেই উত্তর মিলবে প্রশ্নটার। রংপুর ও খুলনার মতো সমান ৯৬ পয়েন্ট নিয়ে শেষ রাউন্ড শুরু করা ঢাকা বিভাগের আশা শেষ। বোনাস পয়েন্টেই পিছিয়ে পড়েছে দলটি।
শেষ রাউন্ডে খুলনা জিতে গেছে আড়াই দিনের মধ্যে। বিকেএসপির ৩ নম্বর মাঠে কাল চট্টগ্রামকে ইনিংস ও ২৪ রানে হারিয়েছে দলটি। এই রাউন্ডে ৮টি বোনাসসহ খুলনার প্রাপ্তি ২৪ পয়েন্ট। খুলনার চেয়ে ১টি বোনাস পয়েন্ট বেশি পাওয়া রংপুর আজ ঢাকা মহানগরকে হারাতে পারলেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে। অন্য কোনো ফল হলে শিরোপা পুনরুদ্ধার করবে খুলনা।
প্রথম ইনিংসে ১৯০ রানে অলআউট চট্টগ্রাম কাল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৫৫ রানে। খুলনার বাঁহাতি পেসার মোস্তাফিজুর ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৪৮ রান তুলে রংপুর এগিয়ে গেছে ৩০২ রানে। ওপেনার লিটন দাস করেছেন ৭৭ রান। এই রান করার পথেই মিনহাজুল আবেদীনের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে জাতীয় লিগে এক মৌসুমে হাজার রান পুরো করলেন তিনি। ২০০১-০২ মৌসুমে ১৫ ইনিংসে ১০১২ রান করেন চট্টগ্রামের মিনহাজুল। এবার ১৩ ইনিংসে ১০২৪ রান লিটনের।
মিরপুরে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছেন সিলেটের রাজিন সালেহ (২০১*)। তাঁর দলে ইনিংস ঘোষণা করে ৪৮৬ রানে। হার বাঁচাতে লড়া বরিশাল দ্বিতীয় ইনিংসে করেছে ২ উইকেটে ১৬৬। ফতুল্লায় ঢাকা বিভাগ এগিয়ে ২৭৬ রানে।