খুলনা ভেন্যুর পরীক্ষা
স্টেডিয়াম-ভেন্যু পরিদর্শন বললেই মনে হয় বুঝি আইসিসি পরিদর্শক দলের ব্যাপার। এবার সেটি অন্য রকম। প্রয়োজনের খাতিরে নিজ দেশেরই ভেন্যু পরিদর্শন করছে বিসিবি। আসছে জিম্বাবুয়ে সিরিজে একটি টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাব্যতা খতিয়ে দেখতে আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম পরিদর্শন করবে বিসিবি। গত রাতেই খুলনায় পৌঁছানোর কথা বিসিবির পাঁচ সদস্যের প্রতিনিধিদলের।
দেশের মাটিতে প্রথমবারের মতো তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অক্টোবর-নভেম্বরে সেই সিরিজে প্রথম দুটি টেস্ট ম্যাচই রাখা হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের সূচি ঘোষণার পর থেকেই একটি টেস্ট নিজেদের মাঠে পেতে মরিয়া চেষ্টা করছেন খুলনার সংগঠকেরা। সেই প্রক্রিয়ারই অংশ আজকের এই পরিদর্শন। শেখ আবু নাসের স্টেডিয়াম টেস্ট মর্যাদা পেয়েছে এখনো দুই বছর হয়নি। এই মাঠে টেস্ট হওয়ায় তাই আইসিসির বাধা নেই। কিন্তু দীর্ঘদিন খেলা না হওয়ায় স্টেডিয়ামের এখন কী অবস্থা, সেটি তো দেখতেই হবে। পরিদর্শক দলের সদস্য ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানালেন, দেখা হবে আনুষঙ্গিক সবকিছুই, ‘আবাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ, হোটেলের এখনকার অবস্থা দেখব আমরা। মাঠ, আউটফিল্ড, ক্যামেরা বসানোর জায়গা, প্রেসবক্স, ড্রেসিংরুম দেখব। এ ছাড়া নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা, হাসপাতাল, যোগাযোগব্যবস্থাসহ সবকিছুই নতুন করে দেখা হবে। কোনো জায়গায় ঘাটতি থাকলে সেসব ঠিক করার পরামর্শ দেওয়া হবে।’
বিসিবিতে খুলনার কাউন্সিলর ও বিসিবি পরিচালক শেখ সোহেল কদিন আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘একটি টেস্ট খুলনায় এনেই ছাড়ব। এ জন্য সব সমস্যা দূর করাসহ যা কিছু করার প্রয়োজন, করব আমরা।’ আজকের এই পরিদর্শন ও বিসিবিতে যা আলোচনা, তাতে বলা যায় জিম্বাবুয়ে সিরিজের একটি টেস্ট সম্ভবত খুলনায় হচ্ছেই।