খুলনার টার্গেট ২০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ও ডেলপোর্টের দুর্দান্ত জুটিতে ভর করে বড় স্কোর পায় ঢাকা। ছবি: প্রথম আলো
লুইস ও ডেলপোর্টের দুর্দান্ত জুটিতে ভর করে বড় স্কোর পায় ঢাকা। ছবি: প্রথম আলো

সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি এভিন লুইস। খুলনা টাইটানসের বিপক্ষে আজ উইকেটে ছিলেন ১৩তম ওভার পর্যন্ত। ক্যারিবীয় এ ওপেনারের ৪০ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করে দুর্দান্ত শুরু পেয়েছিল ঢাকা ডায়নাইমাইটস। মাঝে ক্যামেরন ডেলপোর্ট রানের গতি বাড়ালেও ঢাকার শেষটা তেমন ভালো হয়নি। তবুও ২০২/৭ স্কোর গড়ে খুলনাকে রান পাহাড়ে চাপা দিতে পেরেছে ঢাকা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে​ছিলেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ। লুইস ও কুমার সাঙ্গাকারা মিলে চতুর্থ ওভারের মধ্যেই তাঁর এ সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। চতুর্থ ওভারের শেষ বলে সাঙ্গাকারা যখন আউট হন, তখন ঢাকার স্কোর ৩৮/১। শফিউলের করা সেই ওভারের প্রথম তিন বলে এক ছক্কা ও দুই চারে ১৪ রান নিলেও শেষ বলে চ্যাডউইক ওয়ালটনের তালুবন্দী হয়েছেন লঙ্কান কিংবদন্তি।

এরপর দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ১১৬ রানের দুর্দান্ত জুটি গড়ে খুলনার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন লুইস ও ক্যামেরন ডেলপোর্ট। ১৩তম ওভারের শেষ বলে লুইসকে ফেরান শফিউল। ডেলপোর্ট ফিরেছেন ঠিক তার এক ওভার পরই। ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৩১ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেলেছেন এ প্রোটিয়া। ঢাকার স্কোর তখন ১৪.২ ওভারে ১৫৭/৩। তিন ওভারের ব্যবধানে ডেলপোর্টসহ সাকিব (১) আর পোলার্ডকেও (৫) তুলে নিয়ে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে খুলনা।

কিন্তু সুনিল নারাইন অন্য কিছু ভেবে রেখেছিলেন। ক্যারিবীয় এ স্পিনার গত আইপিএলেই বুঝিয়ে দিয়েছিলেন, দলের প্রয়োজনে তাঁর ব্যাটও হাসতে জানে। দুই ছক্কায় ১১ বলে ১৬ রান করে শেষ দিকে কিছুটা গতিসঞ্চার করেন তিনি। কিন্তু শুরুর মতো শেষ ৫ ওভারে রানের গতি সেভাবে বাড়াতে পারেনি ঢাকা। শেষ ৩০ বলে এসেছে মাত্র ৪০ রান। খুলনার হয়ে ২টি করে উইকেট নেন আবু জায়েদ ও শফিউল ইসলাম।