খুলনার নাটকবিহীন জয়

রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইটানসের দ্বিতীয় ম্যাচটির কথা ভুলেই যান। এবারের বিপিএলে খুলনার ম্যাচ মানেই তো আগে ব্যাটিং করে সে ম্যাচটা শেষ ওভারে গিয়ে জিতবেন মাহমুদউল্লাহরা। কালও চেনা চিত্রনাট্যে চলল খুলনার ম্যাচ। খুলনার সর্বশেষ শিকার হলো বরিশাল বুলস, তারা হেরেছে ২২ রানে। ১০ পয়েন্ট নিয়ে খুলনা এখন শীর্ষে।
মাহমুদউল্লাহর অধীনে খুলনার বোলাররা যেন ‘সুন্দরবনের বাঘ’ হয়ে উঠছেন। এ নিয়ে ৫টি ম্যাচেই ব্যাটসম্যানদের দেওয়া পুঁজিটা রক্ষা করে ম্যাচ বের করে এনেছেন তাঁরা, তা রানটা যত কমই হোক না কেন! কাল অবশ্য পুঁজিটা খারাপ ছিল না। মাহমুদউল্লাহ ও রিকি ওয়েসেলসের দুটি ইনিংসে ১৫১ রান করতে পেরেছিল খুলনা।
মজা করে রিকি ওয়েসেলসকে ‘রক্ত’ নামে ডাকা হয়। তবে কাল ব্যাটিংয়ে নেমে দলের রক্তক্ষরণ করাতে শুরু করেছিলেন। প্রথম রান পেতেই ৬ বল খেলেছেন। প্রথম বাউন্ডারি ১৫ বলে। এর চেয়েও গুরুত্বপূর্ণ, শুভাগত হোম যে কোনো বল না খেলেই ড্রেসিংরুমে ফিরলেন, সে দায়টাও এই ইংলিশ ব্যাটসম্যানের।
১১তম ওভারের শেষ বলে আউট হয়েছেন দুর্দান্ত খেলতে থাকা মাহমুদউল্লাহ। পরের বলেই আউট শুভাগত, ওয়েসেলসের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে! ‘খলনায়ক’ হওয়ার সব প্রস্তুতিই সেরে রেখেছিলেন ওয়েসেলস। নিজের শেষ ১৪ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩২ রান তুলে পাপ কিছুটা মোচন করেছেন, তবে স্লগ ওভারের শুরুতেই তাঁর আউট (২৯ বলে ৪০ রান) হয়ে যাওয়াটা খুলনাকে হতাশ করেছে।
ওয়েসেলসের আগে অবশ্য আরেকটি ‘মাহমুদউল্লাহ শো’ দেখার সুযোগ হয়েছে দর্শকদের। দুই ওপেনার আর ওয়েসেলস যখন ঠুক-ঠুক ব্যাটিংয়ের প্রদর্শনীতে বিরক্ত করে ফেলছেন, ঠিক অন্য প্রান্তে কী স্বচ্ছন্দ, সাবলীল ব্যাটিং করলেন খুলনা অধিনায়ক। দারুণ সব শটে মোহাচ্ছন্ন করে রাখেন বরিশালের বোলারদের। এমনকি ব্যাটিং-সঙ্গী ওয়েসেলসও বোধ হয় মোহ কাটিয়ে উঠতে পারছিলেন না। দুজনের ৩৭ বলের ৫৩ রানের জুটিতে ওয়েসেলসের অবদান ৫! ২৬ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৪৪ রান করে মাহমুদউল্লাহ অবশ্য আউট হয়েছেন আনাড়ির মতো। তাইজুল ইসলামের বল লেগ সাইডে খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ।
তবে ব্যাটিংয়ের হতাশাটা আরেকটি জয় দিয়ে ভুলেছেন মাহমুদউল্লাহ। ১৫২ রানের লেক্ষ্য মুশফিকুর রহিম (২৩ বলে ৩৫) ছাড়া আর কেউই দাবি মেটানো ব্যাটিং করতে পারেননি। শফিউল ইসলামের ১৭ রানে নেওয়া ৪ উইকেটে বরিশাল থেমেছে ১২৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস: ২০ ওভারে ১৫১/৭ (ফ্লেচার ৪, হাসানুজ্জামান ১৯, ওয়েসেলস ৪০, মাহমুদউল্লাহ ৪৪, শুভাগত ০, আরিফুল ২৬*, কুপার ১, তাইবুর ১০; তাইজুল ৩/১৮, রাইস ১/৩২, হায়দার ০/২৪, এমরিত ১/৩০, ফজলে ০/২০, পেরেরা ১/২৫)।
বরিশাল বুলস: ১৯.৩ ওভারে ১২৯ (মেন্ডিস ২১, ফজলে ০, শামসুর ১২, শাহরিয়ার ২৮, মুশফিক ৩৫, থিসারা ০, নাদিফ ৩, এমরিত ১৪, রাইস ৯, হায়দার ২*, তাইজুল ২; মাহমুদউল্লাহ ১/২৮, জুনাইদ ২/২৯, কুপার ১/৩০, শফিউল ৪/১৭, মোশাররফ ২/২৪)।
ফল: খুলনা টাইটানস ২২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহমুদউল্লাহ।