খুলনারও এখন পাঁচ শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও জাতীয় লিগের শিরোপা খুলনার। এনামুল-আল আমিনরা তাই ভেসে গেলেন উচ্ছ্বাসে l শামসুল হক
আবারও জাতীয় লিগের শিরোপা খুলনার। এনামুল-আল আমিনরা তাই ভেসে গেলেন উচ্ছ্বাসে l শামসুল হক

খেলা তৃতীয় দিনে শেষ হবে, নাকি চতুর্থ দিনে গড়াবে? শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষ বিকেলে মহানগরের দ্বিতীয় ইনিংস একাই গুঁড়িয়ে দিয়েছেন খুলনার পেসার আল আমিন হোসেন। ফতুল্লায় ৩৯৮ রানের বিশাল জয় তো পেয়েছেই, এক দিন বাকি থাকতে পঞ্চমবারের মতো জাতীয় লিগের শিরোপাও জিতেছে খুলনা। ছুঁয়ে ফেলেছে তারা রাজশাহী আর ঢাকা বিভাগকে। এর আগে জাতীয় লিগে পাঁচটি করে শিরোপা জিতেছে এই দুটি দল।
ফতুল্লার সবুজ উইকেট দেখে তুষার ইমরান ভবিষ্যদ্বাণী করেছিলেন, ম্যাচটা শেষ হবে আড়াই দিনে! দুই দলের প্রথম ইনিংস দেখে সেটিই মনে হচ্ছিল। কিন্তু একটু বিভ্রান্ত করল খুলনার দ্বিতীয় ইনিংস। ৩৫৭ রানে এগিয়ে থেকে দিন শুরু করেছিল তারা। আগের দিন ৭৩ রানে অপরাজিত তুষার তুলে নিলেন টানা তৃতীয় সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে যেটি তাঁর ২১তম। মেহরাব জুনিয়রকে পুল করতে গিয়ে সাদমান ইসলামের ক্যাচ হওয়ার আগে তুষারের রান ১৩৮। লাঞ্চের পর লিড ৫০০ পেরোনোর পরই ইনিংস ঘোষণা করে খুলনা।
‘এটা স্পোর্টিং উইকেট। আমরা অনেক রান করেছি বলে ভাববেন না ব্যাটিং উইকেট। দেখেন কী বোলিংটা আমরা করি’—চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই ফিল্ডিংয়ে নামলেন তুষার। তিন স্লিপ, এক গালি নিয়ে সবুজ উইকেটে নিখুঁত লাইন-লেন্থে বাউন্স আর সুইংয়ের বিষ মিশিয়ে দুই স্পেলে যে বোলিংটা আল আমিন করলেন, অবিশ্বাস্য! প্রথম স্পেলে ৫ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট। আল আমিন সবচেয়ে ভয়ংকর হয়ে উঠলেন দ্বিতীয় স্পেলে—৯ ওভারে ২৬ রানে ৫ উইকেট। ১১০ রানে অলআউট মহানগর। এই হারে প্রথম স্তর থেকে অবনমন নিশ্চিত হলো মহানগরের। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা আল আমিনকে ভাগাভাগি করতে হয়েছে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা এনামুল হকের সঙ্গে।
খুলনার এই সাফল্যের নেপথ্য নায়ক অবশ্যই তুষার। ৯১, ১৫, ১০৮, ১৪১, ২৪ ও ১৩৮-৬ ম্যাচে ৮৬.৩৩ গড়ে তাঁর রান ৫১৮। ঘরোয়া ক্রিকেটে তিনি অনেক দিন ধরে ধারাবাহিকতার প্রতিচ্ছবি। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তাঁর অধিকারে। তবু এবারের জাতীয় লিগটা আলাদা জায়গা পাচ্ছে তুষারের কাছে, ‘এবার একটু স্পেশালই গেছে। সেঞ্চুরি হাতছাড়া করতে চাইনি। রান পেয়েছি, দলও চ্যাম্পিয়ন হয়েছে। খুশিটা তাই বেশিই লাগছে।’ তুষারের খুশির আরও একটি কারণ আছে, তাঁর ভবিষ্যদ্বাণী যে ফলে গেছে! আলোকস্বল্পতায় প্রায় দুই ঘণ্টা খেলা না হওয়ার সময়টা বাদ দিলে ম্যাচের মেয়াদ তো ছিল আড়াই দিনই।
সিলেটে ঢাকা বিভাগের বিপক্ষে ফলোঅনে পড়া বরিশাল প্রাণপণ লড়াই চালাচ্ছে হার এড়াতে। শাহরিয়ার নাফীস পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর দ্বাদশ সেঞ্চুরি। চট্টগ্রামে সিলেট-চট্টগ্রাম ম্যাচটি ড্রয়ের দিকে এগোচ্ছে। প্রথম ইনিংসে চট্টগ্রাম অলআউট ৩২০ রানে। নাফিস ইকবাল আউট হয়েছেন ৯৯ রানে। ৫ উইকেটে ১৩৬ রান করে দিন শেষ করেছে সিলেট।
প্রথম স্তরে উঠতে বগুড়ায় রংপুরের বিপক্ষে রাজশাহীর জয়ের বিকল্প নেই। মাইশুকুর রহমানের অপরাজিত ১৪৯ রানের সৌজন্যে রাজশাহী এগিয়ে ১৫৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা: ২০৭ ও ৮০ ওভারে ৪২৩/৫ ডি. (তুষার ১৩৮, এনামুল ১২২, হাসানুজ্জামান ৫৫, মিঠুন ৫০*; মেহরাব ১/৪৫)। ঢাকা মহানগর: ১২২ ও ৩৯ ওভারে ১১০ (মার্শাল ২৯; আল আমিন ৬/৪১, রাজ্জাক ৩/৪২)।
ফল: খুলনা ৩৯৮ রানে জয়ী। প্লেয়ার্স অব দ্য ম্যাচ: আল আমিন ও এনামুল হক।
ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৫৮৮/৬ ডি.। বরিশাল: ৩৯.৫ ওভারে ১৮৯ (সালমান ৪৭; শাহাদাত ৪/৫৩, মোশাররফ ৩/৪৬) ও ৭০ ওভারে ২৫৯/৪ (শাহরিয়ার ১০৪, ফজলে ৪৫; মোশাররফ ২/৫১, অপু ২/৬৬)।
রাজশাহী: ১৯১ ও ৭২ ওভারে ৩১৩/৩ (মাইশুকুর ১৪৯*, জুনায়েদ ৬৮, জহুরুল ৪১*; মাহমুদুল ১/১৪)। রংপুর ১ম ইনিংস: ৩৫১।
সিলেট ১ম ইনিংস: ৫৫৫/৭ ডি.। চট্টগ্রাম: ১০০.৫ ওভারে ৩২০ (নাফীস ৯৯, ইয়াসির ৬০, সাইফউদ্দিন ৫৯, ইফতেখার ৪২*; জায়েদ ৫/৬৩, রাহাতুল ৩/১০১) ও ২১.৫ ওভারে ১৩৬/৫ (রুমান ৬৮; ইফতেখার ২/৩৪)।

রোল অব অনার
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
১৯৯৯-০০* চট্টগ্রাম সিলেট
২০০০-০১ বিমান চট্টগ্রাম
২০০১-০২ ঢাকা বিভাগ রাজশাহী
২০০২-০৩ খুলনা ঢাকা বিভাগ
২০০৩-০৪ ঢাকা বিভাগ সিলেট
২০০৪-০৫ ঢাকা বিভাগ রাজশাহী
২০০৫-০৬ রাজশাহী চট্টগ্রাম
২০০৬-০৭ ঢাকা বিভাগ রাজশাহী
২০০৭-০৮ খুলনা রাজশাহী
২০০৮-০৯ রাজশাহী বরিশাল
২০০৯-১০ রাজশাহী চট্টগ্রাম
২০১০-১১ রাজশাহী ঢাকা বিভাগ
২০১১-১২ রাজশাহী খুলনা
২০১২-১৩ খুলনা ঢাকা বিভাগ
২০১৩-১৪ ঢাকা বিভাগ রাজশাহী
২০১৪-১৫ রংপুর খুলনা
২০১৫-১৬ খুলনা ঢাকা মহানগর
২০১৬-১৭ খুলনা নির্ধারিত হয়নি
* ১৯৯৯-২০০০ মৌসুমটা প্রথম শ্রেণির মর্যাদা পায়নি