খুলনায় ওঁরা ১১ জন
জাতীয় দলে এখন খুলনার ক্রিকেটাররাই দলে ভারী। রবি ফাস্ট বোলার হান্টেও দেখা গেল একই চিত্র। কাল শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় একজন মেয়েসহ নির্বাচিত হয়েছেন মোট ১১ জন ফাস্ট বোলার।
প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন মোট ৮৮৫ জন ফাস্ট বোলার। প্রাথমিক বাছাইয়ের পর টিকে থাকেন ৬২৮ জন। সেখান থেকেই চূড়ান্তভাবে নির্বাচন করা হয় ১১ জনকে। এর মধ্যে সর্বোচ্চ গতির বোলারের বলের গতি ছিল ঘণ্টায় ১৩১ কিলোমিটার।
ফাস্ট বোলার হান্ট কার্যক্রমে মাঠ ব্যস্ত থাকায় কাল অনুশীলন হয়নি খুলনায় থাকা জাতীয় দলের ক্রিকেটারদের। তবে প্রতিযোগিতার একপর্যায়ে মাঠে উপস্থিত হন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাঁদের দেখে যেন উদীয়মান ক্রিকেটারদের উৎসাহ বেড়ে যায় কয়েক গুণ।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির খুলনা মহানগরের আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুর রহমান, ক্রীড়া বিপণন ব্যবস্থাপক সাফায়াত সরোয়ার, খুলনা বিভাগীয় কোচ এস এম মনোয়ার আলীসহ আরও অনেকে।