খুলনায় তাহলে টেস্ট হচ্ছেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি পরিদর্শক দলের পরীক্ষায় প্রাথমিকভাবে পাস নম্বরই পেয়েছে খুলনা। আনুষ্ঠানিক ঘোষণা আসবে হয়তো কদিন পর। তবে আসছে জিম্বাবুয়ে সিরিজের একটি টেস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হওয়া একরকম নিশ্চিতই বলা যায় এখন। খুলনার সংগঠকদের চাওয়া, দ্বিতীয় টেস্টের ভেন্যু যেন করা হয় খুলনাকে।
খুলনায় টেস্ট আয়োজনের সম্ভাব্যতা যাচাই করে দেখতে কাল আবু নাসের স্টেডিয়ামসহ আনুষঙ্গিক সব সুযোগসুবিধা খতিয়ে দেখেছে বিসিবির পরিদর্শক দল। এমনিতে খুলনার মাঠ-আউট ফিল্ড দেশের অন্যতম সেরা। ভেন্যু নিয়ে আপত্তির খুব বেশি কিছু তাই ছিল না। রক্ষণাবেক্ষণের অভাবে থাকা টুকটাক কিছু ব্যাপার ঠিকঠাক করতে বলা হয়েছে।
দেখার মূল বিষয় ছিল আবাসন ব্যবস্থা ও যশোর বিমানবন্দর থেকে খুলনা সড়ক। হোটেলের মানোন্নয়ন দেখে খুশি পরিদর্শক দল। ৫ সদস্যের দলের অন্যতম ও বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, ‘হোটেলের রুম ৬৪টি থেকে ৯০টি করা হয়েছে। মানও আরেকটু ভালো হয়েছে। কাজ চালানোর মতো একটি সুইমিংপুলও হয়ে গেছে। জিমের মান বাড়ানো হবে বলে আশ্বাস পেয়েছি আমরা। প্রয়োজনে ঢাকা থেকে প্রশিক্ষিত হোটেলকর্মীও আনা হবে বলে জানানো হয়েছে। হোটেল নিয়ে তাই আগের সমস্যা আর নেই। এখানকার সংগঠকেরাও খুব আন্তরিক।’
বিসিবিতে খুলনার কাউন্সিলর ও বিসিবি পরিচালক শেখ সোহেল এরপর পরিদর্শক দলকে নিয়ে গিয়েছিলেন রোড অ্যান্ড হাইওয়েজ কার্যালয়ে। সেখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রতিনিধিদলকে জানিয়েছেন, বিমানবন্দর সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। সময়মতোই শেষ করা হবে।
খুলনায় এর আগে একটিমাত্র টেস্ট হয়েছে ২০১২ সালের নভেম্বরে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট অভিষিক্ত খুলনার অপেক্ষা এখন দ্বিতীয় টেস্ট আয়োজনের। সেটা স্রেফ সময়ের ব্যাপারই মনে হচ্ছে এখন।