খুলনায় ৫২ ওভার করলেন ১১ বোলার!
♦ বিসিএলের তৃতীয় পর্বে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পূর্বাঞ্চলের বিপক্ষে ইনিংসে মধ্যাঞ্চলের ১১ বোলার বোলিং করেছেন।
♦ বিসিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন জুনায়েদ সিদ্দিক।
♦ বিসিএলের তৃতীয় পর্বে দুটি ম্যাচই হয়েছে ড্র।

বিসিএলের তৃতীয় পর্বে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের ন্যাড়া উইকেটে ব্যাটসম্যানরা মনের সুখ মিটিয়ে রান করেছেন। আর বোলাররা মাথা খুঁটে মরেছেন! ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ৬ উইকেটে ৭৩৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ওয়ালটন মধ্যাঞ্চল আজ অলআউট হয়েছে ৪২৮ রানে। যে ম্যাচের দুই ইনিংস শেষ হতেই লেগে যায় প্রায় সাড়ে তিন দিন—সে ম্যাচের ফল কী হতে পারে, নিশ্চয়ই জানেন।
ফল যেহেতু আসবে না, মধ্যাঞ্চল একটু ‘মজা’ করেই বোলিং করল ম্যাচের তৃতীয় ইনিংসে। বোলিং করলেন ১১ বোলার! চা-বিরতির ঘণ্টাখানেক পর খেলা শেষ হয়ে যাওয়ার আগে তাসামুল হক-মেহেদী মারুফ উদ্বোধনী জুটিতে তুলে ফেললেন ২২৬ রান। সেঞ্চুরি পেয়েছেন পূর্বাঞ্চলের দুই ওপেনারই। ম্যাচ অবশ্যই ড্র।
মধ্যাঞ্চলের ১১ বোলারের মধ্যে আছেন উইকেটকিপার ইরফান শুক্কুরও! ৩ ওভার বোলিং করে শুক্কুর দিয়েছেন ১৪ রান। উইকেটকিপার যখন বল হাতে তুলে নিয়েছেন উইকেটের পেছনটা তখন সামলেছেন সাদমান অনিক ও শুভাগত হোম। ১১ বোলার ব্যবহার নিয়ে খুলনা থেকে মুঠোফোনে মোশাররফ হোসেন বলেন, ‘চার দিনেও তিন ইনিংস শেষ হয়নি। চা-বিরতির পর এক ঘণ্টা পর মীমাংসা হয়ে যেত ম্যাচ। মূল বোলাররা ক্লান্ত হয়ে পড়েছিল। উইকেট নেওয়ার তাড়াও ছিল না। সবাইকে দিয়ে তাই বোলিং করিয়েছি। সবারই বোলিং প্রতিভা একটু পরখ করে নেওয়া হলো! হয়তো আমাদের অজান্তেই একটা রেকর্ড হয়ে গেল!’
রেকর্ড হয়েছে কি না, সেটি অবশ্য এ মুহূর্তে বলা কঠিন। তবে টেস্ট ইতিহাসে ইনিংসে ১১ বোলারের বোলিং দেখা গেছে চারবার। রাজশাহীতে ড্র হয়েছে বিসিবি উত্তরাঞ্চল ও প্রাইম ব্যাংক উত্তরাঞ্চলের ম্যাচটিও। বিসিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন জুনায়েদ সিদ্দিক। বিসিএলে প্রথম হলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এ নিয়ে ১০ বার দেখা গেল জোড়া সেঞ্চুরি।
৪ জানুয়ারি নিজের জন্মদিনে কন্যাসন্তানের বাবা হয়েছেন জুনায়েদ। আজ পেলেন ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচে জোড়া সেঞ্চুরি। উত্তরাঞ্চলের ওপেনার নিজেকে যেন খুঁজে পাচ্ছেন সপ্তম স্বর্গে, ‘ভালো লাগছে অনেক। ক্যারিয়ারের প্রথম করলাম। আগেও সুযোগ এসেছিল, করতে পারিনি। এবার শুধু সেঞ্চুরিই করে থামিনি। ইনিংসটা আরও এগিয়ে নিয়েছি। ভালো পরিশ্রমের ফল পেলে ভালো লাগে। কদিন আগে আমাদের ঘরে নতুন অতিথি এসেছে, মানসিকভাবে অনেক শান্তিতে আছি। পারফরম্যান্সে সেটির ইতিবাচক প্রভাব পড়েছে। গত দুই বছরে সব মিলিয়ে সাতটা সেঞ্চুরি করেছি। ছন্দটা ধরে রাখতে চাই।’
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল-ওয়ালটন মধ্যাঞ্চল, খুলনা
পূর্বাঞ্চল: ৭৩৫/৬ ডি. ও ৫২ ওভারে ২২৬/০ (তাসামুল ১০৮*, মারুফ ১১১*)। মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১২১.১ ওভারে ৪২৮ (রকিবুল ৮৫, শুভাগত ৭৩, মার্শাল ৬৫, সাদমান ৫৬, ইরফান ৩০; সোহাগ ৭/১৪১, এনামুল জু. ২/১০৬)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: জাকির হাসান (পূর্বাঞ্চল)।
বিসিবি উত্তরাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, রাজশাহী
উত্তরাঞ্চল: ৪০৮ ও ৭১.৩ ওভারে ৩৫৬/৫ (জুনায়েদ ১৫০, আরিফুল ১০৩*, নাঈম ৬১; আল আমিন ১/১৬)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১১৫.১ ওভারে ৪৩৩ (তুষার ১৪৮, ইমরুল ১১৮, আল আমিন জু. ৪৬, নুরুল ৩৫; শফিউল ৪/৫৮, তাইজুল ৪/১৩৬)।
ফল: ড্র।
ম্যান অব দ্য ম্যাচ: জুনায়েদ সিদ্দিক (উত্তরাঞ্চল)।