খুশি মনেই ভেট্টোরির বিদায়

বিদায় নেবেন—এটা একরকম অনুমিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। ড্যানিয়েল ভেট্টোরি সেটাও দিয়ে দিলেন কাল। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে জানিয়ে দিলেন, আর খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের বাঁহাতি এই স্পিনার তাই কাল থেকেই ‘সাবেক’ হয়ে গেলেন। শেষ হলো কিউই ক্রিকেটের এক বর্ণিল অধ্যায়ও।
আভাসটা আগেই ছিল বলে তাঁর বিদায় স্মরণীয় করে রাখতে চেয়েছিল কিউইরা। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও বলেছিলেন, ভেট্টোরির জন্য বিশ্বকাপ জিততে চান। সেটা অবশ্য হয়নি। পুরো টুর্নামেন্টে টানা ৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে এসে অস্ট্রেলিয়ার কাছে হার মানে নিউজিল্যান্ড। তবে শেষটা স্বপ্নের মতো হয়নি বলে কোনো আক্ষেপ নেই ভেট্টোরির, ‘বিশ্বকাপের ফাইনাল ছিল নিউজিল্যান্ডের হয়ে আমার শেষ ম্যাচ। ক্যারিয়ার এভাবে শেষ করতে পারাটা আনন্দের ব্যাপার। জিতলে আরও দারুণ হতো। কিন্তু যেভাবে আমরা গত ছয়টি সপ্তাহ পার করেছি, তাতে আমি সবাইকে নিয়ে খুবই গর্বিত।’
১৯৯৭ সালের ফেব্রুয়ারিতে ১৮ বছর বয়সে নিউজিল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ভেট্টোরির। ওয়ানডে অভিষেকও পরের মাসেই, ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। চোটে ভুগেছেন অনেক বার। ওয়ানডে ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করবেন বলেই মাঝে অনেক দিন টেস্ট থেকে স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন। প্রায় দুই বছরের বিরতি শেষে গত নভেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরেছিলেন, দলও জিতেছিল ওই টেস্টে। সেটাই ভেট্টোরির ক্যারিয়ারের শেষ টেস্ট হয়ে আছে।
সব মিলিয়ে ১১৩ টেস্টে ৩০ গড়ে ৪ হাজার ৫৩১ রান, উইকেট ৩৬২টি। কিউই ক্রিকেটারদের মধ্যে টেস্টে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১)। টেস্টে চার হাজারের বেশি রান এবং একই সঙ্গে ৩০০-এর বেশি উইকেট নেওয়া মাত্র তিনজনের একজন ভেট্টোরি। অন্য দুজন কপিল দেব ও ইয়ান বোথাম।
ওয়ানডেতেও নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ভেট্টোরি, সর্বোচ্চ উইকেটও তাঁর। বিশ্ব একাদশের হয়ে খেলা একটি ম্যাচসহ ২৯৫ ওয়ানডেতে ৩১.৭১ গড়ে ৩০৫ উইকেট ভেট্টোরির। ছিলেন নিউজিল্যান্ডের সর্বশেষ পাঁচটি বিশ্বকাপ দলে। ১৯৯৯ বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি, কিন্তু পরের চারটি বিশ্বকাপে ৩২ ম্যাচ খেলে নিয়েছেন ৩৬ উইকেট। এর মধ্যে স্পিনার-বৈরী এ বিশ্বকাপেই নিয়েছেন ১৫ উইকেট। ৩৪ ম্যাচের ছোট টি-টোয়েন্টি ক্যারিয়ারেও নিয়েছেন ৩৮ উইকেট। স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসেবে ২০০৭ সালে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব পাওয়ার পর দলকে নেতৃত্ব দিয়েছেন ৩২ টেস্ট ও ৮২টি ওয়ানডেতে।
প্রায় দেড় যুগের ক্যারিয়ারে সতীর্থদের কাছে যতটুকু জনপ্রিয় ছিলেন, ভেট্টোরি তার চেয়ে খুব একটা কম পছন্দের ছিলেন না প্রতিপক্ষের কাছেও। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে রান নিতে গিয়ে তাঁর সঙ্গে ধাক্কা খেয়েছিলেন ম্যালকম ওয়ালার। পড়ে গিয়ে ওয়ালার রানআউট হলেও ভেট্টোরি খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়ে আউটের আপিল করেননি। পরে যেটার জন্য আইসিসির কাছ থেকে ‘স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড’ও পেয়েছিলেন তিিন। এমন একজনের বিদায়ে তাই খুবই আপ্লুত কিউই অধিনায়ক ম্যাককালাম, ‘আমরা আমাদের দেশের সর্বকালের সেরা একজন ক্রিকেটারকে হারাচ্ছি। ড্রেসিংরুমে তার অভাব পূরণ হবার নয়। তার সঙ্গে খেলতে পেরে আমরা গর্বিত, আনন্দিত।’ এএফপি, ক্রিকইনফো।
