খেলা দেখার অভিজ্ঞতা পাল্টে দেবে এবারের বিপিএল

তারকাদ্যুতি এবার আগের চেয়ে বেশি, ষষ্ঠ বিপিএল এগিয়ে থাকবে প্রযুক্তির ছোঁয়াতেও। টুর্নামেন্টের চাকচিক্য বাড়াতে যোগ হচ্ছে নতুন সব কলাকৌশল।
একটা তো নতুন যুগেরই আবাহন—এবারই প্রথম ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) থাকছে বিপিএলে। স্টাম্পিং, রানআউটের মতো সিদ্ধান্ত নিতে সুবিধা আনার লক্ষ্যে এলইডি বেলও থাকছে।
দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতায়ও আসছে বদল। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম মেনে এবার বিপিএলেও ২৬ থেকে ৩০টি ক্যামেরা থাকবে সম্প্রচারের কাজে। প্রথম পর্ব থেকে না হলেও দ্বিতীয় পর্ব থেকে থাকছে স্পাইডারক্যামও।
থাকবে ড্রোন ক্যামেরাও। সেটির অনুমতি পাওয়া না-পাওয়া নিয়ে প্রথমে সংশয় থাকলেও শেষ পর্যন্ত অনুমতি মিলেছে বলেই কাল জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটি ও বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস। কাল সন্ধ্যায় প্রেসবক্সে বসে শেরেবাংলা স্টেডিয়ামে ড্রোন ক্যামেরা পরীক্ষা-নিরীক্ষা করতেও দেখা গেছে।