খেলা যা একটু হলো খুলনায়

বৃষ্টি খেয়ে নিয়েছিল পুরো তৃতীয় দিন। সেদিনই প্রায় নিশ্চিত প্রথম রাউন্ডের চারটি ম্যাচই শেষ হচ্ছে অমীমাংসিতভাবে। হলোও তাই। যে ম্যাচটা নিষ্পত্তি হওয়ার সবচেয়ে ভালো সম্ভাবনা ছিল, সেই রাজশাহী-বরিশাল ম্যাচে কালও একটি বলও হতে পারেনি। তৃতীয় দিনের মতো পুরো চতুর্থ দিনের খেলা নষ্ট হয়েছে বগুড়ায় রংপুর ও ঢাকা মহানগরের ম্যাচেও। ফতুল্লায় সিলেট-চট্টগ্রামের ম্যাচে খেলা হলো সাকল্যে ৪ ওভার। সবচেয়ে বেশি ৫০.৩ ওভার খেলা হয়েছে খুলনায়।
খেলা হওয়ায় সবচেয়ে বেশি লাভ হয়েছে খুলনারই। ঢাকা বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসটা শেষ করতে পেরেছে স্বাগতিকেরা। আর তাতেই প্রথম ইনিংসে লিড নেওয়া দলটি আরও কিছু বোনাস পয়েন্ট পেয়েছে। খুলনার দিন শুরু হয়েছিল ৪ উইকেটে ১৬৮ রান নিয়ে। আরও ১৭২ রান যোগ হওয়ার পর শেষ হয় তাদের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে জুটি বাঁধা মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান পঞ্চম উইকেটে ৯৪ রান যোগ করেছেন। ১৩৮ বলে ৮৭ রান করেছেন মিঠুন, নুরুল করেছেন ৭৬ বলে ৫৩।
ঢাকার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ১১৯ রানে নিয়েছেন ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার ইনিংসে ৭ বা তার বেশি উইকেট পেলেন মোশাররফ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকার প্রথম ইনিংসে ২৯ রানে ৪ উইকেট নেওয়া জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
ম্যাচ থেকে খুলনার প্রাপ্তি ৯ পয়েন্ট, ঢাকার ৬। ৯ পয়েন্ট পেয়েছে বরিশাল বিভাগও, ওই ম্যাচ থেকে রাজশাহীর প্রাপ্তি ৬ পয়েন্ট। অন্য দুই ম্যাচে একটি করে ইনিংসই শেষ না হওয়ায় সমান ৩ পয়েন্ট করে পেয়েছে বাকি চার দল।