খেলা শেষের আগেই চ্যাম্পিয়ন গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নতুন চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। অথচ বিকেএসপিতে কাল তাদের ম্যাচই শেষ করতে দেয়নি বৃষ্টি! ফতুল্লায় খেলা শেষ হয়নি মোহামেডান-প্রাইম ব্যাংকেরও। তবু চ্যাম্পিয়ন গাজী। বিকেএসপির অন্য ম্যাচে যে আফিফ হোসেনের হ্যাটট্রিকসহ ৫ উইকেটের সুবাদে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী!

আবাহনীর জয়ে গাজী খেলা শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন। কারণ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে তারা ম্যাচটি যদি আজ হেরেও যায়, তাতে আবাহনী ও দোলেশ্বরের সমান ২৪ পয়েন্ট হবে তাদেরও। তিন দলেরই পয়েন্ট সমান—এই পরিস্থিতিতে বাইলজ অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার সুবাদে গাজীই চ্যাম্পিয়ন হয়ে যায়। আর প্রাইম দোলেশ্বরের বিপক্ষে আজ জিতে গেলে বা ম্যাচটি টাই হলে তো কথাই নেই; ২৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

লিগের শেষ ম্যাচে অবশ্য প্রাইম দোলেশ্বরের সঙ্গে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই নাসির হোসেনের দল। প্রথম ওভারেই ওপেনার মুনিম শাহরিয়ারকে হারিয়ে শুরু ইনিংস খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ধুঁকে ধুঁকেই এগিয়েছে। ৩৩ ওভার শেষে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ৫ উইকেটে ১৪২ রান গাজীর। জহুরুল ইসলাম ৫০ রান করে অপরাজিত, সঙ্গে আছেন মোহাম্মদ সোহরাওয়ার্দী। আজ সেখান থেকেই হওয়ার কথা ম্যাচের বাকি অংশ। নাসির অবশ্য আশাবাদী, ‘২৩০-২৪০ রান হলেই আমরা জিতব ইনশা আল্লাহ। ব্যাটিংয়ে এখনো যারা আছে, আরও এক শ রান করা সম্ভব।’

পানিনিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকায় মাঠ পুরোপুরি শুকায়নি। গাজী-দোলেশ্বরের ম্যাচ শেষ হতে পারেনি সে জন্যই। দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর গাজীর খেলোয়াড়েরা দর্শক হয়ে দেখেন পাশের মাঠের আবাহনী-শেখ জামালের ম্যাচ। ৫৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পরও ভালোই এগোচ্ছিল জামালের ইনিংস। কিন্তু ১৪তম ওভারে পরপর ৩ উইকেট ফেলে দেন আবাহনীর অফ স্পিনার আফিফ। ১ উইকেটে ৯৬ থেকে শেখ জামাল মুহূর্তেই ৪ উইকেটে ৯৬। সেখান থেকে ৩১তম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৭ উইকেটে ১৬২ রান করে শেখ জামাল।

২০ ওভারে ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে আবাহনী লক্ষ্যে পৌঁছে যায় ১৭.২ ওভারেই। ১৭ রানে আফিফের আউটের পর আরেক ওপেনার সাইফ হাসান ও সাদমান ইসলাম দ্বিতীয় উইকেটে গড়েন ৫৮ রানের জুটি। আবাহনীর জয় সহজ হয়েছে শেষ দিকে মোহাম্মদ মিঠুনের ২২ বলে অপরাজিত ২৯ রানে। আবাহনীর খেলোয়াড়দের চেয়ে আবাহনীর জয়ে বেশি উৎসব করার কথা গাজীর খেলোয়াড়দেরই। কিন্তু চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরও শিরোপা জয়ের উল্লাস তারা করেনি। কারণটা জানালেন নাসিরই, ‘জানি আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। তবু সেলিব্রেট করার ব্যাপারটা ভেতর থেকে আসেনি। কাল (আজ) ম্যাচ জিতেই উৎসবটা করতে চাই।’

শিরোপা নিষ্পত্তির ব্যাপার ছিল বলে বিকেএসপির দুই মাঠের খেলোয়াড়েরাই কৌতূহলী ছিলেন পাশের মাঠের ম্যাচের দিকে। ফতুল্লায় মোহামেডান-প্রাইম ব্যাংকের খেলোয়াড়দের সে রকম কোনো চাপে ভুগতে হয়নি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৪৩.৩ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান করেছে মোহামেডান। ফিফটি করেছেন নাজমুল মিলন (৫৩)।