খেলা হবে না বিশ্বকাপও!
‘যে সিদ্ধান্তই নিন, বুঝেশুনে নিন। হঠকারী কিছু করলে হস্তক্ষেপ করতে দ্বিধা করব না’—ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রাখল সুপ্রিম কোর্ট মনোনীত অন্তর্বর্তীকালীন প্রশাসক কমিটির (সিওএ)। ৭ মের বিশেষ সাধারণ সভায় (এসজিএম) চ্যাম্পিয়নস ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই—এই সম্ভাবনা জোরালো হওয়ার পরই সিওএর এই বার্তা। সিওএ মনে করে, টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্তে ক্ষতি হবে শুধু ভারতেরই। এসজিএমে অংশ নিতে যাওয়া রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলোকে ই-মেইল বার্তায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে সিওএ।
মেম্বার্স পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (এমপিএ) বাতিল করে যদি চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করে তবে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির যেকোনো ইভেন্টে অংশ নেওয়ার যোগ্যতা হারাবে ভারত। এ সময় দুটি বিশ্বকাপ (২০১৯, ২০২৩), দুটি চ্যাম্পিয়নস ট্রফি (২০১৭, ২০২১), দুটি নারী বিশ্বকাপ (২০১৭, ২০২১), তিনটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০১৮, ২০২০, ২০২২), ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২১) আছে। ক্রিকইনফো।