খেলাঘরকে নিয়ে খেললেন মোসাদ্দেক!

আবাহনীকে ২৯৪ রানের বড় লক্ষ্য দিয়েছিল প্রথম বিভাগ ক্রিকেট থেকে প্রিমিয়ার লিগে উন্নীত খেলাঘর সমাজকল্যাণ সমিতি। কিন্তু সেটি মোসাদ্দেক হোসেনের কাছে পাত্তা পেলে তো! ২১ বছর বয়সী মিডলঅর্ডার এই ব্যাটসম্যানের দুর্দান্ত সেঞ্চুরিতে ফতুল্লায় বর্তমান চ্যাম্পিয়নরা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করেছে ৫ উইকেটের জয় দিয়ে।
শুরুতেই ধাক্কা আবাহনীর, ১ রানে ১ উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন-সাদমান ইসলামের ৮১ রানের জুটি ধাক্কাটা সামলালেও আবাহনী জয়ের সুভাস পেয়েছে চতুর্থ উইকেটে মোসাদ্দেক-মাহমুদউল্লাহর ১২৭ রানের জুটির সৌজন্যেই। ৫৯ রান করে মাহমুদউল্লাহ আউট হলে পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনের সঙ্গে ৪৯ বলে ৮১ রানের জুটি গড়েছেন মোসাদ্দেক। আবাহনী জয় নিশ্চিত করেছে এ জুটিই।
পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে ৭৫ রানের নির্ভীক ইনিংস খেলা মোসাদ্দেক আজ আরও দুর্বিনীত! ৫১ বলে পেয়েছেন ফিফটি, সেটি সেঞ্চুরি রূপ দিতে খেলেছেন আরও ২৮ বল—৭৯ বলে সেঞ্চুরি। আরিফুল ইসলামের বলে রেজাউল করিমের ক্যাচ হওয়ার আগে যখন ফিরলেন (৮৫ বলে ১১০ রান), দল ততক্ষণে পৌঁছে গেছে জয়ের দ্বারপ্রান্তে। ঝকমকে ইনিংসটা সাজিয়েছেন ১২ চার ও ২ ছয়ে।
টস জিতে আগে ব্যাটিং করা খেলাঘরও তাদের ওপেনার হারিয়েছে শুরুতেই। ৩ রানে ১ উইকেট হারানো দলকে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়েছে রবিউল ইসলাম-নাফিস ইকবালের দ্বিতীয় উইকেটে ১৩৩ বলে ১৪৯ রানের ইনিংস। দারুণ সম্ভাবনা জাগিয়ে আবির্ভাব, পরে পথ হারিয়ে ফেলা নাফিস ইকবাল সাইফউদ্দিনের শিকার হওয়ার আগে করেছেন ৬৮ বলে ৭৮ রানের দারুণ এক ইনিংস। সাকলাইন সজীবের বলে সাইফ হাসানের ক্যাচ হওয়ার আগে তাঁর সঙ্গী রবিউলের রান ৭৪। দুজনেরই চেষ্টা বৃথা মোসাদ্দেকের দুর্দান্ত ইনিংসটির কাছে!
বিকেএসপিতে মুশফিকুর রহিমের অপরাজিত ৭৫ রানের সুবাদে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির আরেক মাঠে আরাফাত সানির অসাধারণ বোলিংয়ে প্রাইম দোলেশ্বর পেয়েছে ৭৮ রানের বড় জয়। দোলেশ্বরের দেওয়া ২৮৮ রান তাড়া করতে নেমে পারটেক্স পুরো ৫০ ওভার খেলে ৯ উইকেট করতে পেরেছে ২০৯ রান। সানি ৩৩ রানে পেয়েছেন ৫ উইকেট।